Bilawal Bhutto Slams Pakistan Hybrid Regime: পাকিস্তান সরকারকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে উত্তেজনা বন্ধ করে দেশের সাধারণ মানুষের দিকে নজর দেওয়ার বার্তা দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানের বর্তমান ‘সিভিল-মিলিটারি হাইব্রিড’ শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করে বিলাওয়াল ভুট্টো জারদারির বক্তব্য, সাধারণ মানুষ যখন ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত জনকল্যাণ। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী কথায়, ‘সরকার ও সামরিক বাহিনীর উচিত দেশের বিরোধী দলগুলির পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংঘাতের পথ থেকে সরে আসা। পিটিআই, ফজল, ভারত এবং আফগানিস্তানের সঙ্গে লড়াই বন্ধ করুন।’ তাঁর মতে, দেশের অভ্যন্তরে পিটিআই এবং মৌলানা ফজলুর রহমানের সঙ্গে সংঘাত জিইয়ে রাখার পাশাপাশি ভারত ও আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বজায় রাখতে গিয়ে দেশের গুরুত্বপূর্ণ শক্তি ও সম্পদ নষ্ট হচ্ছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের অধীনে যে সংঘাতমূলক নীতি অনুসরণ করা হচ্ছে, তা নতুন করে বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কটের প্রসঙ্গ তুলে বিলাওয়াল প্রশ্ন করেন, ‘পাকিস্তান আর কবে অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেবে? জনকল্যাণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’ তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে একের পর এক সংঘাতে জড়াতে থাকলে অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত থেকে যাবে। বিলাওয়ালের অভিযোগ, পাকিস্তান সরকারের এই সংঘাতমূলক নীতির মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের নাগরিকদের এখন রাজনৈতিক লড়াই নয়, বরং আর্থিক স্থিতিশীলতা, সরকারি সহায়তা এবং জরুরি পরিষেবা প্রয়োজন। তিনি আরও বলেন, ‘দেশের ভিতরে এবং আন্তর্জাতিক স্তরে ক্রমাগত উত্তেজনা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার বদলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং মানুষের জীবনযাত্রার উন্নতিতে মন দেওয়া উচিত।’