Kulgam Terrorist Attack Latest Update: নাম জেনে হিন্দু শ্রমিকদেরই গুলি জঙ্গিদের! পহেলগাঁওয়ের মতো হামলা কুলগামে- রিপোর্ট
Kulgam Terrorist Attack Latest Update: জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার পরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের খতম করার নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বিজেপি নেতা দাবি করেছেন, হামলার পিছনে পাকিস্তানি জঙ্গিরা আছে।
Kulgam Terrorist Attack Latest Update: পহেলগাঁওয়ের ধাঁচে কুলগামেও ধর্মীয় পরিচয় দেখে জঙ্গি হামলা চালানো হল? পুলিশের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করা হল একটি রিপোর্টে। সংবাদমাধ্যম নিউজ ১৮-র রিপোর্টে দাবি করা হয়েছে, পুলিশের সূত্র মারফত যা খবর মিলেছে, তাতে প্রথমে কুলগামে পরিযায়ী শ্রমিকদের নাম জিজ্ঞাসা করা হয়। তারপর দু'জন হিন্দু শ্রমিককে আলাদা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জঙ্গিরা গুলি চালিয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে অনেক পরিযায়ী শ্রমিকই ছিলেন। তবে যে দু'জনের উপরে গুলি চালানো হয়েছে, তাঁরাই শুধু হিন্দু ছিলেন বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে আপাতত সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ইটভাটায় কর্মরত ২ শ্রমিককে গুলি, ২ জনেরই বাড়ি ছত্তিশগড়ে
আর পুরো ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার শেষলগ্নের দিকে। আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের জেলার কেলাম এলাকার একটি ইটভাটায় কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দীপক রাত্রে (২৪) নামে ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা চলছে ছত্তিশগড়েরই বোপিন্দরের (২৮)।
জঙ্গিদের খতম করতে হবে, নির্দেশ লেফটেন্যান্ট গভর্নরের
যে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, 'কুলগামে বর্বরোচিত জঙ্গি হামলার পরে ডিজিপি (রাজ্য পুলিশের ডিজি) নলিন প্রভাত এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। যে ঘটনায় ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই কাপুরুষোচিত হামলার তীব্র ধিক্কা জানাচ্ছি। আমরা সুরক্ষা বাহিনীকে অভিযানের তীব্রতা আরও বাড়ানোর এবং জঙ্গিদের খতম করার নির্দেশ দিয়েছি।'
কুলগাম হামলার পিছনে পাকিস্তানি জঙ্গিরা, বিস্ফোরক বিজেপি নেতা
তারইমধ্যে বিজেপি নেতা রবীন্দর রায়না অভিযোগ করেছেন, এই ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিদের হাত আছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে ‘দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকায় পাকিস্তানি জঙ্গিরা নিরাপরাধ ও নিরস্ত্র শ্রমিকদের নিশানা করেছে। কাশ্মীর উপত্যকা আবারও রক্তস্নাত হল। সর্বস্তরের সহযোগিতায় শ্রী অমরনাথজি যাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।' সেইসঙ্গে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, জঙ্গিদের কোনওভাবেই রেয়াত করা যাবে না।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


