...
...
Next Story

Tripura civic polls: আগরতলা পুরনিগমের ৫১ আসনে বিজেপির ১৯ নতুন মুখ, নির্বাচনে লড়বেন না মেয়র দীপক মজুমদার

Tripura civic polls: এবার রাজ্যের বিভিন্ন পুরসভা এবং নগর পঞ্চায়েতে কোনও বিধায়ককেই টিকিট দেওয়া হয়নি বলে জানিয়েছেন অভিষেক দেব রায়।

Published on: Nov 4, 2026, 11:50:26 IST
Advertisement

Tripura civic polls: আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনে প্রার্থী তালিকায় বড়সড় পরিবর্তন করল বিজেপি। পুরনিগমের মোট ৫১টি আসনের মধ্যে ১৯টি আসনে নতুন মুখকে প্রার্থী করেছে শাসকদল। তবে আগরতলা পুরনিগমের বর্তমান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারকে এবারের নির্বাচনে টিকিট দেওয়া হয়নি। তবে তাঁর নেতৃত্ব ও প্রতিনিধিত্বকে সামনে রেখেই পুরনির্বাচনে অংশগ্রহণ করবে বিজেপি বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায়। একই সঙ্গে অঘোষিত ছয়টি আসনের প্রার্থীর নাম বুধবার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

আগরতলা পুরনিগমের ৫১ আসনে বিজেপির ১৯ নতুন মুখ, নির্বাচনে লড়বেন না মেয়র দীপক মজুমদার (সৌজন্যে এক্স )
আগরতলা পুরনিগমের ৫১ আসনে বিজেপির ১৯ নতুন মুখ, নির্বাচনে লড়বেন না মেয়র দীপক মজুমদার (সৌজন্যে এক্স )

এবার রাজ্যের বিভিন্ন পুরসভা এবং নগর পঞ্চায়েতে কোনও বিধায়ককেই টিকিট দেওয়া হয়নি বলে জানিয়েছেন অভিষেক দেব রায়। তিনি বলেন, গত পাঁচ বছরে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শহরের উন্নয়ন এবং নাগরিকদের সুখ-দুঃখের পাশে থাকার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেন তিনি।অভিষেক দেব রায় জানান, বিজেপির সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা বিধায়ক বা সাংসদের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সাংগঠনিক দায়িত্বে রয়েছেন, তাঁদের পুরনিগম, পুর পরিষদ কিংবা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বা মেয়র পদে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই মেয়র দীপক মজুমদার এবার পুরনির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

তবে দীপক মজুমদারের নেতৃত্বকে সামনে রেখেই আগরতলা পুরনিগমের নির্বাচনী প্রচারে নামবে বিজেপি। দলের সাংগঠনিক শক্তি এবং নেতৃত্বের সমন্বয়ের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। এবারের প্রার্থী নির্বাচনে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অভিষেক দেব রায়। তাঁর বক্তব্য, প্রার্থী তালিকায় মহিলা, যুবক, আইনজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেওয়া হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে দাবি করেন তিনি। আগরতলা পুরনিগমের ৫১টি আসনের মধ্যে ১৯টি আসনে নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। ৬টি আসন অঘোষিত রয়েছে। এছাড়াও ৩ টি আসনে শরিক দল তিপ্রামথাকে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচিত প্রার্থীরা আগামী পাঁচ বছর নাগরিকদের জন্য কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিষেক দেব রায়। ফলে পুরনির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রার্থী তালিকা ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks