Nishikant Dubey: ভোটার তালিকায় 'বিশেষ নিবিড় সংশোধন' (SIR) ও মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই কংগ্রেস এবং বিরোধী জোট 'ইন্ডিয়া'-কে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিরোধীরা কী দেশকে ফের ভাগ করে আরেকটি পাকিস্তান তৈরির চক্রান্ত করছে—এমনই বিস্ফোরক প্রশ্ন তুলেছেন তিনি।

বর্তমানে ক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স। রাজধানী প্যারিস থেকে শুরু করে সেই আগুন ছড়িয়ে পড়েছে নানা প্রান্তে। একাধিক শহরে জারি হয়েছে রাতের কারফিউ। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'খুব তাড়াতাড়ি প্যারিসটা মুসলিম শহর হয়ে যাবে। আমি অনেক আগেই ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছিলাম সীমান্ত বন্ধ করে দিতে। ফ্রান্সে যা হচ্ছে পুরোটাই অভিবাসীদের ফল। খুবই দুঃখজনক পরিস্থিতি ফ্রান্সে।' যদিও ফরাসি সীমান্ত এখনও বন্ধ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ইস্তফা দিতে চাইলেও তা গৃহীত হয়নি। প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আর ট্রাম্পের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী নিশানা করেছেন নিশিকান্ত দুবে।
এক্স হ্যান্ডলে বিরোধী শিবিরকে নিশানা করে গোড্ডার বিজেপি সাংসদ লিখেছেন, 'রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলি কী ভারতে এই পরিস্থিতিই তৈরি করতে চাইছে? জ্ঞানেশ কুমার হটাও, বাংলাদেশি তৈরি করো, আর দেশকে টুকরো টুকরো করে ফের একবার পাকিস্তান তৈরি করো?' নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে লাগাতার আন্দোলন ও পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধী দলগুলি। সেই আন্দোলনের তীব্র বিরোধিতা করে নিশিকান্ত দুবে দাবি করেন, ভুয়ো ও অনুপ্রবেশকারী ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়ার কাজ আটকাতেই মুখ্য নির্বাচন কমিশনারের ওপর চড়াও হচ্ছে বিরোধীরা। বিজেপি সাংসদের অভিযোগ, অনুপ্রবেশকারীদের নাগরিক অধিকার ও ভোটার তালিকায় অন্তভুক্ত করার জন্য চাপ তৈরি করে বিরোধী দলগুলি আসলে দেশবিরোধী বিপজ্জনক খেলায় মেতেছে। তিনি দাবি করেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এই ধরনের রাজনীতি দেশকে আবারও ১৯৪৭-এর মতো বিভাজন ও সংঘাতের মুখে ঠেলে দেওয়ার সমান।