...
...
Next Story

Andaman Sea Boat Capsizes: স্বপ্নের সলিল সমাধি! আন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ রোহিঙ্গা ও বাংলাদেশি-সহ ২৫০

Andaman Sea Boat Capsizes: বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনা নতুন নয়, বরং এটি রোহিঙ্গা সংকটের একটি করুণ প্রতিফলন।

Published on: Apr 15, 2026, 23:00:38 IST
Advertisement

Andaman Sea Boat Capsizes: মাঝসমুদ্রে যান্ত্রিক গোলযোগ নাকি প্রকৃতির রুদ্ররোষ? কারণ যা-ই হোক, আরও একবার নোনা জলে মিশল কয়েকশো মানুষের বাঁচার স্বপ্ন। আন্দামান সাগরে ঘটে গেল এক মর্মান্তিক নৌকাডুবি। জানা গিয়েছে, আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ২৫০ জন নিখোঁজ হয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক, যারা মালয়েশিয়ার উদ্দেশ্যে বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজদের উদ্ধারে উপকূলে ব্যাপক তল্লাশি শুরু হলেও প্রাণহানির আশঙ্কা ক্রমেই প্রবল হচ্ছে।

আন্দামান সাগরে ট্রলারডুবি (ফাইল ছবি)
আন্দামান সাগরে ট্রলারডুবি (ফাইল ছবি)

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ট্রলারটি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের একটি বড় অংশ ছিলেন রোহিঙ্গা শরণার্থী, যারা দীর্ঘদিন ধরে অনিশ্চিত জীবনযাপন করছেন শরণার্থী শিবিরে। ভালো জীবনের আশায় তারা বিপজ্জনক এই যাত্রায় পা বাড়ান। প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত যাত্রী বোঝাই, প্রবল বাতাস এবং উত্তাল সমুদ্রের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত ডুবে যায়। ঠিক কখন এই দুর্ঘটনা ঘটেছে এবং উদ্ধারকাজ কতদূর এগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বুধবার পর্যন্ত কোনও নিশ্চিত উদ্ধার অভিযানের খবর পাওয়া যায়নি, যা উদ্বেগ আরও বাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনা নতুন নয়, বরং এটি রোহিঙ্গা সংকটের একটি করুণ প্রতিফলন। মায়ানমারের রাখাইন রাজ্যে চলা হিংসার কারণে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার সম্ভাবনা এখনও অনিশ্চিত। ফলে তারা বছরের পর বছর বাংলাদেশে শরণার্থী হিসেবে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশে বর্তমানে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। কিন্তু শরণার্থী শিবিরে সীমিত মানবিক সহায়তা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব তাদের জীবনকে করে তুলেছে আরও কঠিন। এই পরিস্থিতিতে অনেকেই দালালচক্রের প্রলোভনে পড়ে বিদেশে যাওয়ার ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। মালয়েশিয়ায় ভালো চাকরি ও উন্নত জীবনের মিথ্যা প্রতিশ্রুতি তাদের এই বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রসংঘের সংস্থাগুলি। তারা বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও বেশি অর্থায়ন, সহায়তা এবং দীর্ঘমেয়াদি সমাধান অত্যন্ত জরুরি। পাশাপাশি, মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe