...
...
Next Story

Hasina: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ আটকাতেই সীমান্তে কড়াকড়ি? ‘বিতর্কিত ব্যক্তি’ ঠেকানোর নির্দেশ বিজিবি প্রধানের

রবিবার (২২ নভেম্বর) বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক। এর আগে হেলিকপ্টারে করে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে পৌঁছন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ডিসেম্বর মাসে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Published on: Nov 23, 2026, 09:55:17 IST
Advertisement

ডিসেম্বর মাসে বাংলাদেশে কোনও ‘বিতর্কিত ব্যক্তি’ যাতে প্রবেশ করতে না পারেন, তার জন্য সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনই জানালেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে গিয়ে তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, কাদের বাংলাদেশে প্রবেশ আটকাতে চাইছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার? বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা চলছে, তখন সীমান্তে এই বাড়তি তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ আটকাতেই সীমান্তে কড়াকড়ি? ‘বিতর্কিত ব্যক্তি’ ঠেকানোর নির্দেশ বিজিবি প্রধানের (AFP)
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ আটকাতেই সীমান্তে কড়াকড়ি? ‘বিতর্কিত ব্যক্তি’ ঠেকানোর নির্দেশ বিজিবি প্রধানের (AFP)

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২২ নভেম্বর) বিকেলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক। এর আগে হেলিকপ্টারে করে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে পৌঁছন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ডিসেম্বর মাসে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কোনও বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, পাশাপাশি বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

বিজিবি প্রধানের বক্তব্য, সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাচার রুখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ এবং জোর করে বাংলাদেশে মানুষ পাঠানোর ঘটনাও আটকাতে চায় বাহিনী। সেই কারণেই ফেনী, কুমিল্লা এবং আখাউড়া সীমান্ত পরিদর্শন করছেন তিনি।

কিন্তু তাঁর বক্তব্যের সবচেয়ে বিতর্কিত অংশ হল ‘বিতর্কিত ব্যক্তি’দের বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা। ঠিক কাদের বিতর্কিত বলে চিহ্নিত করা হচ্ছে? কোনও নির্দিষ্ট তালিকা রয়েছে কি? কোন আইনি প্রক্রিয়ায় কাউকে এই তকমা দেওয়া হবে? এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর মেলেনি। বিজিবি প্রধানের বক্তব্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনও নেতার নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

সমালোচকদের প্রশ্ন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি সীমান্ত নিরাপত্তার অজুহাতে বিরোধী রাজনৈতিক শক্তির দেশে ফেরার পথ আরও কঠিন করতে চাইছে? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের, কিন্তু সেই দায়িত্ব পালনের নামে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে প্রবেশে বাধা দেওয়া হলে তা নাগরিক অধিকার ও গণতান্ত্রিক বহুত্ববাদের পরিপন্থী হতে পারে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের কাছেও সাহায্য চেয়েছেন বিজিবি প্রধান। তাঁর বক্তব্য, কেউ সীমান্ত দিয়ে আসা-যাওয়ার বিষয়ে সন্দেহজনক তথ্য পেলে তা যেন সরাসরি বিজিবিকে জানানো হয়।

তবে সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে কারও বিরুদ্ধে যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তা নিশ্চিত করাও জরুরি। সীমান্তরক্ষী বাহিনীর কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিপক্ষকে চিহ্নিত করা নয়।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জল্পনার আবহে বিজিবির এই ঘোষণা নতুন বিতর্কের জন্ম দিল। ডিসেম্বর মাসে সীমান্তে কড়াকড়ির প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট করা এখন তারেক রহমান সরকারের দায়িত্ব।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks