আমেরিকায় ভারতীয় এবং হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষের ঘটনা ফের প্রকাশ্যে। দীপাবলির উৎসবের মধ্যেই ওয়াশিংটনের সিয়াটলে একটি অনুষ্ঠানে ঢুকে পড়ে দুই উগ্র দক্ষিণপন্থী কর্মী। তাঁদের হাতে ছিল ভারতীয় ও হিন্দুদের নিশানা করে লেখা বর্ণবিদ্বেষী পোস্টার। একটিতে লেখা ছিল, ‘সব ডট হেডকে আমেরিকা থেকে বিতাড়িত করো’। অন্যটিতে অভিযোগ করা হয়, আমেরিকায় খ্রিস্টানদের জায়গা দখল করছে হিন্দুরা। অনুষ্ঠান চলাকালীন এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা দু’জনকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার সিয়াটল সেন্টার আর্মরিতে দীপাবলি উদ্যাপনের আয়োজন করা হয়েছিল। এটি সিয়াটল সেন্টারের অধীনে আয়োজিত একটি সাংস্কৃতিক উৎসবের অংশ। সেখানে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের নানা আয়োজন চলছিল। সেই সময়ই মার্কিন পতাকা হাতে সেখানে হাজির হন জেক ল্যাং এবং থমাস অ্যালেন নামে দুই উগ্র দক্ষিণপন্থী কর্মী। তাঁদের হাতে থাকা পোস্টারে ভারতীয়দের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছিল।
‘ডট হেড’ শব্দটি দক্ষিণ এশীয়দের, বিশেষত কপালে তিলক বা টিপ পরা ভারতীয়দের উদ্দেশে ব্যবহৃত একটি বর্ণবিদ্বেষী গালিগালাজ। ফলে এই স্লোগানকে নিছক রাজনৈতিক প্রতিবাদ নয়, সরাসরি ভারতীয়দের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের প্রকাশ হিসাবেই দেখছেন প্রবাসী ভারতীয়দের একাংশ।
প্রত্যক্ষদর্শীদের কয়েক জন বিক্ষোভকারীদের বাধা দেন। তাঁদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত জেক ল্যাং এবং থমাস অ্যালেনকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। তবে ঘটনার পর সমাজমাধ্যমে নিজের ছবি পোস্ট করে উল্টে আক্রান্ত হওয়ার অভিযোগ করেন ল্যাং। তাঁর দাবি, অ্যান্টিফা এবং হিন্দুরা তাঁদের উপর হামলা চালিয়েছে। পাশাপাশি টেক্সাসের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্যও হিন্দুদের দায়ী করেন তিনি। তাঁর বক্তব্য, হিন্দু ভোটারদের জন্যই টেক্সাসে ডেমোক্র্যাটরা জিতেছে।
প্রমীলা জয়পালের তীব্র নিন্দা
ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন কংগ্রেসের সদস্য প্রমীলা জয়পাল। সমাজমাধ্যমে তিনি লেখেন, এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং বর্ণবিদ্বেষী। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিরাপদে এই উৎসব পালনের অধিকার রয়েছে। তাঁর কথায়, এই ধরনের ঘৃণ্য আচরণের জায়গা আমেরিকা বা সিয়াটলে হতে পারে না।
{{/usCountry}}ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন কংগ্রেসের সদস্য প্রমীলা জয়পাল। সমাজমাধ্যমে তিনি লেখেন, এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং বর্ণবিদ্বেষী। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিরাপদে এই উৎসব পালনের অধিকার রয়েছে। তাঁর কথায়, এই ধরনের ঘৃণ্য আচরণের জায়গা আমেরিকা বা সিয়াটলে হতে পারে না।
{{/usCountry}}ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অজয় জৈন ভুটোরিয়াও ঘটনার নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয়দের নিশানা করা এবং তাঁদের বিরুদ্ধে নির্বাসনের দাবি তোলা নিখাদ বিদ্বেষের প্রকাশ। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের কর্ণধার সুহাগ শুক্লাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনে বেরিয়ে যাওয়ার বিকল্প পথ রাখা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
কে এই জেক ল্যাং?
জেক ল্যাং আমেরিকার উগ্র দক্ষিণপন্থী রাজনীতির পরিচিত মুখ। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় তাঁর নাম উঠে এসেছিল। পুলিশের উপর হামলা-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে ১১টি ফেডারেল মামলা হয়েছিল। পরে ২০২৫ সালে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প তাঁকে এবং ক্যাপিটল হামলার ঘটনায় অভিযুক্ত অন্যদের ক্ষমা করেন।
ল্যাংয়ের বিরুদ্ধে এর আগেও উসকানিমূলক কর্মসূচি আয়োজনের অভিযোগ রয়েছে। তাঁর সংগঠনের নাম হোয়াইট রিপ্লেসমেন্ট। আমেরিকায় শ্বেতাঙ্গদের জায়গা অন্য জাতি ও অভিবাসীরা দখল করে নিচ্ছে, এমন তত্ত্ব প্রচার করে এই ধরনের গোষ্ঠীগুলি। সিয়াটলের ঘটনায় সেই মনোভাবেরই প্রতিফলন দেখছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের একাংশ।
টেক্সাসের নির্বাচনী ধাক্কার সঙ্গে যোগ
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে ডেমোক্র্যাটদের বড় জয় হয়েছে। দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্যে ধাক্কা লেগেছে। সেনেট এবং গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো এবং জিনা হিনোজোসা। অন্য দিকে, ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা রিপাবলিকান প্রার্থী বো ফ্রেঞ্চও পরাজিত হয়েছেন।
বিশেষ করে টেক্সাসের ফ্রিসকো শহরে ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ উঠেছে উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে। এইচ-১বি ভিসায় কর্মরত ভারতীয়দের আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ করা হচ্ছে। এমনকী হিন্দু মন্দিরকেও খ্রিস্টান আমেরিকার জন্য বিপদ বলে প্রচার করা হচ্ছে। ফলে সিয়াটলের দীপাবলি অনুষ্ঠানে এই ঘটনা বিচ্ছিন্ন কোনও প্রতিবাদ নয় বলেই মনে করছেন প্রবাসী ভারতীয়দের একাংশ। আমেরিকায় ভারতীয় ও হিন্দুদের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।