...
...
Next Story

সংসদ হামলার স্মৃতি ফিরল! নিরাপত্তা বলয় ভেঙে বিধানসভায় ঢুকে পড়ল গাড়ি, দিল্লিতে হুলুস্থূল

এই ঘটনার পর গোটা বিধানসভা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাড়িটির গতিবিধি ও চালকের পরিচয় জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Published on: Apr 6, 2026, 16:32:12 IST
Advertisement

আবারও দেশের রাজধানীতে ফিরল সংসদ হামলার স্মৃতি। এবার দিল্লি বিধানসভা ভবনের নিরাপত্তায় বড়সড় গাফিলতির অফিযোগ। সোমবার কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও তা টপকে দিল্লি বিধানসভার নিরাপত্তা বেষ্টনী উড়িয়ে গেট ভেঙে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে মুখোশ পরা অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর বিধানসভা চত্বরে কিছুটা ঘুরে আবার বেরিয়ে যায় গাড়িটি। গাড়িটি কার, গাড়িটিতে কে বা কারা ছিল, তা এখনও স্পষ্ট নয়। আর রাজধানীর হাই সিকিওরিটি জোনে এহেন ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

দিল্লিতে হুলুস্থূল (ANI Video Grab)
দিল্লিতে হুলুস্থূল (ANI Video Grab)

এইচটি-র প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর প্রায় দু’টো নাগাদ ভিআইপিদের জন্য ব্যবহৃত ২ নম্বর গেট দিয়ে গাড়িটি প্রবেশ করলে নিরাপত্তা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গাড়িটি দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের দফতরের দিকে এগিয়ে যায়। তারপর দফতরের বারান্দার কাছে একটি ফুলের তোড়া রেখে, সেখান থেকে দ্রুত পালিয়ে যান গাড়ির চালক। মুখ ঢাকা থাকায়, চালকের পরিচয় জানা যায়নি। গোটা ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁক সামনে এসেছে বলে মনে করছে প্রশাসন। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। দিল্লি পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাটি বিধানসভা চত্বরের নিরাপত্তা ব্যবস্থার পর্যাপ্ততা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

এই ঘটনার পর গোটা বিধানসভা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাড়িটির গতিবিধি ও চালকের পরিচয় জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনার সময়ে কারা ছিলেন দায়িত্বে, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, ঘটনার পরপরই এলাকায় পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল। স্পিকারের দফতরের সামনে রাখা ফুলের তোড়াটি পরীক্ষা করা হয়। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানিয়েছেন আধিকারিকরা। স্পেশাল পুলিশ কমিশনার (স্পেশাল সেল) অনিল শুক্লা এবং স্পেশাল সিপি (আইন ও শৃঙ্খলা) রবীন্দ্র যাদব ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত আছেন। জানা গিয়েছে, সাদা এসইউভিটি ছিল উত্তরপ্রদেশের নম্বরপ্লেটযুক্ত। পরে পুলিশ জানিয়েছে, গাড়িটি সর্বজিৎ সিং নামের নথিভুক্ত, যদিও তিনিই গাড়িটি চালাচ্ছিলেন কিনা, তা স্পষ্ট এখনও নয়। প্রশাসন গাড়িটির সন্ধান করতে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করেছে। কিন্তু কীভাবে একটি গাড়ি এত সহজে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সংসদ ভবন হামলার পরে এই প্রথম দিল্লির এই পর্যায়ের কোনও প্রশাসনিক ভবনের হাই সিকিওরিটি জোনে এই ভাবে গাড়ি ঢুকে পড়ার ঘটনা ঘটল। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিধায়কদের উপস্থিতির কারণে এটি একটি অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসাবে বিবেচিত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe