...
...
Next Story

WhatsApp username feature: হোয়াটসঅ্যাপ ‘ইউজারনেম’ ফিচারে কড়া ব্রেক! সাইবার জালিয়াতির আশঙ্কায় মেটা-কে নোটিশ কেন্দ্রের

WhatsApp username feature: সূত্রের খবর, কেন্দ্র এই নতুন সিস্টেমের উপরে কড়া নজর রেখেছিল। অনলাইন প্রতারণা ও ব্যবহারকারীদের সুরক্ষা নিয়ে উদ্বেগও প্রকাশ করে তারা। এবার বুধবার নোটিস দেওয়া হল মেটা-কে।

Published on: Jul 02, 2026 03:32 PM IST
Advertisement

WhatsApp username feature: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই নিয়ে আসছে বহু প্রতীক্ষিত ইউজারনেম ফিচার। এতদিন পর্যন্ত নতুন কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হলে ফোন নম্বর শেয়ার করাই ছিল একমাত্র উপায়। কিন্তু নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। ফলে ব্যক্তিগত মোবাইল নম্বর গোপন রেখেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে। কিন্তু এই নতুন ফিচার চালু হওয়ার আগেই তাতে কড়া ব্রেক কষল ভারত সরকার। মেটা-কে নোটিশ পাঠিয়ে আগামী তিন দিনের মধ্যে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়েছে। সরকারি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এই ফিচার ভারতে কোনোভাবেই রোলআউট করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

সাইবার জালিয়াতির আশঙ্কায় মেটা-কে নোটিশ কেন্দ্রের (AP Photo/Martin Meissner)
সাইবার জালিয়াতির আশঙ্কায় মেটা-কে নোটিশ কেন্দ্রের (AP Photo/Martin Meissner)

সূত্রের খবর, কেন্দ্র এই নতুন সিস্টেমের উপরে কড়া নজর রেখেছিল। অনলাইন প্রতারণা ও ব্যবহারকারীদের সুরক্ষা নিয়ে উদ্বেগও প্রকাশ করে তারা। এবার বুধবার নোটিস দেওয়া হল মেটা-কে। কেন্দ্রীয় সরকারের আশঙ্কা, হোয়াটসঅ্যাপ-এর ব্যবহার নম্বরের বদলে ইউজারনেম ভিত্তিক হয়ে গেলে টেলিগ্রাম অ্যাপ ঘিরে যে ধরনের নিরাপত্তার ফাঁক বা ঝুঁকির অভিযোগ উঠেছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। ইউজারনেম ফিচার সংক্রান্ত বিস্তারিত তথ্য কেন্দ্রীয় সরকারকে তিন দিনের মধ্যে জানানোর জন্যও মেটা-কে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভারতে হোয়াটসঅ্যাপ-এ ইউজারনেম ফিচার চালু না করার জন্যও মেটা-কে নির্দেশ দিয়েছে কেন্দ্র। অনেক সময় ব্যবহারকারীরা অনেকের সঙ্গে চ্যাট করলেও তাঁর ফোন নম্বরটি দিতে চান না৷ তাঁদের জন্য এই ফিচার অত্যন্ত সুবিধাজনক হবে বলে দাবি করেছে মেটা৷ এদিকে এই ফিচারটির সবদিক ভালো করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই ফিচারকে হাতিয়ার করে ভুয়ো ফাঁদ পেতে লোক ঠকানোর ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা৷ বাড়তে পারে প্রতারণার বিপদ৷

ইউজারনেমে সুবিধা

এখনেও এই ফিচার চালু হয়নি, তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে চলতি বছরেই তা শুরু হবে। শিগগিরই ব্যবহারকারীরা নিজেদের 'ইউজারনেম' বেছে সেটা 'রিজার্ভ' করে রাখার সুযোগ পাবেন। তবে ইউজারনেম ব্যবহার করা বাধ্যতামূলক নয়। যে কোনেও সময় ইইজারনেম পাল্টানো বা ডিলিট করা যাবে। আর অবাঞ্ছিত বার্তা ব্লক বা রিপোর্ট করার বিকল্পও চালু থাকবে। ইউজারনেম ব্যবহারকে একদিকে যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তাকে রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন অনেকে, তেমনই এর নেতিবাচক দিক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ফিচারের অপব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি, প্রতারণা ইত্যাদির আশঙ্কা থেকে যায় বলে মনে করা হচ্ছে। জনপ্রিয় ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ভুয়ো ইউজারনেম তৈরি করে প্রতারণার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে নতুন ফিচারটি চালু হওয়ার আগে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বিষয়টি ভারতের সরকারি মহলেরও নজরে এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার চালু হওয়ার আগে বা চালুর সময় সরকার বিষয়টি খতিয়ে দেখতে পারে। বিশেষ করে সাইবার অপরাধ, পরিচয় চুরি এবং অনলাইন প্রতারণা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা, তা যাচাই করা হবে। প্রয়োজনে মেটার কাছে ব্যাখ্যাও চাওয়া হতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যদিও এই ফিচারটি ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াবে, তবুও শুরুতেই সবাই এটি ব্যবহার করবেন, এমনটা নিশ্চিত নয়। প্রথমদিকে যাঁদের ব্যক্তিগত নম্বর গোপন রাখা জরুরি-যেমন ব্যবসায়ী, কনটেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার বা পেশাদারদের মধ্যেই এই ফিচারের ব্যবহার বেশি দেখা যেতে পারে। পরে ধীরে ধীরে সাধারণ ব্যবহারকারীরাও এটি গ্রহণ করতে পারেন। সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। এটি যেমন ব্যক্তিগত নম্বর গোপন রাখার সুযোগ দেবে, তেমনই সাইবার নিরাপত্তার নতুন চ্যালেঞ্জও সামনে আনতে পারে। এখন দেখার বিষয়, মেটা কীভাবে এই নতুন ফিচারে নিরাপত্তা ও গোপনীয়তার ভারসাম্য বজায় রেখে ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারে।

 
SHARE THIS ARTICLE ON