...
...
Next Story

Chamoli Tunnel Landslide Death Toll: চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু হল ৭ শ্রমিকের, আহত ১৪

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ চামোলি জেলার পিপলকোটির কাছে মায়াপুর এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন বা THDC-র মালিকানাধীন বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটে।

Published on: Aug 14, 2026, 07:46:35 IST
Advertisement

উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত সাত শ্রমিকের। বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের একটি অংশ ভেঙে পড়ার পাশাপাশি আচমকা জল ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত সাত শ্রমিকের। (PTI)
উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত সাত শ্রমিকের। (PTI)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ চামোলি জেলার পিপলকোটির কাছে মায়াপুর এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন বা THDC-র মালিকানাধীন বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটে। সেখানে নির্মাণকাজ চালাচ্ছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বা HCC।

হঠাৎ পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের একটি অংশে মাটি ও পাথর জমে যায়। একই সঙ্গে সুড়ঙ্গের ভিতরে ব্যাপক জল চুঁইয়ে ঢুকতে শুরু করে। এর জেরে সেখানে কাজ করা শ্রমিকদের একটি বড় অংশ আটকে পড়েন। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা SEOC-এর আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোট ২২ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছিলেন।

খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে একাধিক উদ্ধারকারী সংস্থাকে ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১১টার মধ্যে ২১ জন শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তাঁদের মধ্যে সাত জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ১৪ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সুড়ঙ্গের ভিতরে জমে থাকা ধ্বংসস্তূপ সরাতে HCC-র ভারী যন্ত্রপাতি এবং বিশেষ সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে সুড়ঙ্গের ভিতরে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাঁরাই গোটা উদ্ধার ও ত্রাণকাজের তদারকি করছেন।

আহত শ্রমিকদের প্রথমে গোপেশ্বর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কারও শারীরিক অবস্থার অবনতি হলে যাতে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য শ্রীনগরের বেস হাসপাতাল এবং ঋষিকেশের AIIMS-কে সতর্ক রাখা হয়েছে।

দুর্ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে সুড়ঙ্গের ভিতরে এত দ্রুত জল ঢুকে পড়ল এবং ধসের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণ অভিযান এখনও চলছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe