Bangladesh: বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন দুই বছরেরও বেশি সময় ধরে। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন। তারপর থেকেই ওপার বাংলার রাজনীতিতে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে আলোচনা চলছে। সর্বশেষ চলতি সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠি এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা এনিয়ে তৎপরতা আওয়ামী লিগের কর্মী সমর্থকদের কিছুটা চাঙ্গা করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লিগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের সংবেদনশীল ও প্রশাসনিক তথ্য বাইরে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মহম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রেখেছে ওপার বাংলার প্রশাসন। এ ঘটনায় তাঁর সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার মহম্মদ জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তলব করা হয়। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল বাজেয়াপ্ত করা হয়। পরে মোবাইল দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। বাংলাদেশ পুলিশের সূত্রগুলি বলছে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আওয়ামী লিগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য তাদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। তাঁর ফোনে আওয়ামী লিগের সঙ্গে যোগাযোগের কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছেন রেঞ্জের একাধিক কর্মকর্তা। তবে এসব অভিযোগের বিষয়ে ফরেনসিক রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
বুধবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি বলেন, মোবাইল দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার বিশেষ শাখায় পাঠানো হয়েছে। কোনও ধরনের বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী রিপোর্ট জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, জাহাঙ্গীর আলমের ফোনে আওয়ামী লিগের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। একটি সূত্রের মাধ্যমে বিষয়টি জানার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এই প্রসঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘প্রশাসনিক কিছু বিষয়ে তাঁকে (জাহাঙ্গীর আলম) ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।’ এই বিষয়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ফোন বাজেয়াপ্ত করায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।