...
...
Next Story

China on Arunachal & Border: সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, দাবি চিনের! তাও অরুণাচল নিয়ে পুরনো অবস্থানেই অনড় বেজিং

বৃহস্পতিবার চিনের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র সিনিয়র কর্নেল চেন শি-কে। তিনি বলেন, ভারত ও চিনের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল রয়েছে। দুই দেশই কূটনৈতিক এবং সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ রাখছে।

Published on: Nov 27, 2026, 08:30:38 IST
Advertisement

ভারত-চিন সীমান্তে পরিস্থিতি এখন স্থিতিশীল। এমনই দাবি করল চিনের সামরিক বাহিনী। তবে পরিস্থিতি শান্ত বলে দাবি করলেও অরুণাচল প্রদেশের উপর নিজেদের অধিকার নিয়ে পুরনো অবস্থান থেকে সরেনি বেজিং। উল্টে অরুণাচলকে চিনের অংশ বলে ফের দাবি করেছে তারা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর চিনা সেনার আগ্রাসী অবস্থান নিয়ে উদ্বেগের মধ্যেই দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তার পরেই সীমান্ত পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করল চিনের প্রতিরক্ষা মন্ত্রক। ফলে বেজিংয়ের বক্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, সত্যিই কি সীমান্তে উত্তেজনা কমেছে, নাকি কূটনৈতিক স্তরে শান্তির বার্তা দিয়েও মাটিতে সেনা তৎপরতা বজায় রাখছে চিন?

সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, দাবি চিনের! তাও অরুণাচল নিয়ে পুরনো অবস্থানেই অনড় বেজিং, উত্তেজনার মধ্যেই বৈঠক দুই দেশের সেনার (HT_PRINT)
সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, দাবি চিনের! তাও অরুণাচল নিয়ে পুরনো অবস্থানেই অনড় বেজিং, উত্তেজনার মধ্যেই বৈঠক দুই দেশের সেনার (HT_PRINT)

বৃহস্পতিবার চিনের প্রতিরক্ষা মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র সিনিয়র কর্নেল চেন শি-কে। তিনি বলেন, ভারত ও চিনের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল রয়েছে। দুই দেশই কূটনৈতিক এবং সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ রাখছে। জেনারেল পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা কার্যকর করার চেষ্টা চলছে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাই দুই দেশের লক্ষ্য বলে দাবি করেন তিনি।

তবে চিনের এই বক্তব্যের মধ্যেই রয়েছে অরুণাচল নিয়ে পুরনো বিতর্ক। সাংবাদিক বৈঠকে চেন ফের দাবি করেন, অরুণাচল প্রদেশ আসলে চিনের ভূখণ্ড। বেজিং এই অঞ্চলকে 'জ়াংনান' বলে উল্লেখ করে। তাদের দাবি, এটি দক্ষিণ তিব্বতের অংশ। ভারতের তৈরি করা অরুণাচল প্রদেশকে তারা স্বীকৃতি দেয় না বলেও জানিয়েছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। অর্থাৎ, এক দিকে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি, অন্য দিকে ভারতের উত্তর-পূর্বের একটি রাজ্যের উপর সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত অবস্থান বজায় রাখছে চিন।

আপার সুবনসিরি নিয়ে উদ্বেগ

এর আগে সেপ্টেম্বর মাসেও অরুণাচল সীমান্তে দুই দেশের সেনাকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল। কিবিথু এলাকার ওয়াচা-দামাই সীমান্ত বৈঠককেন্দ্রে দু'দফায় আলোচনা হয়। আপার সুবনসিরির তাকসিং এলাকায় দুই দেশের সেনার মুখোমুখি অবস্থানের খবরের পরেই ওই বৈঠক হয়েছিল বলে জানা যায়।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করতেই দুই দেশের সামরিক কর্তারা বৈঠকে বসেছিলেন। সীমান্তে শান্তি বজায় রাখা এবং কোনও ধরনের সংঘাত এড়ানোই এই আলোচনার উদ্দেশ্য।

অন্য দিকে, অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেই বরাবর দাবি করে এসেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, চিনের নামকরণ বা দাবি দিয়ে এই বাস্তবতা বদলানো সম্ভব নয়। সীমান্তে শান্তি বজায় রাখাকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অন্যতম শর্ত হিসাবেও দেখে ভারত।

শীতের আগে অরুণাচল সীমান্তে সেনা মোতায়েন এবং দুই দেশের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে চিনের স্থিতিশীলতার দাবি কতটা বাস্তব পরিস্থিতির প্রতিফলন, তা নিয়ে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks