CSK vs RCB: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ম্যাচ চলাকালীন ডিজে-র আচরণ এবং গান নির্বাচন নিয়ে বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানাল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর একটি প্রতিবেদন অনুসারে, সিএসকে তাদের অভিযোগে বলেছে, ম্যাচ চলাকালীন 'দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি' গানটি বাজানো 'রুচিসম্মত ছিল না।' এটি সেই ভাইরাল গান যেটি প্রায়শই দক্ষিণ ভারতীয়দের নিয়ে তৈরি মিমের সঙ্গে ব্যবহৃত হয়। আইপিএল-এর একজন শীর্ষকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, গভর্নিং কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখছে।

আইপিএল-এর ওই আধিকারিক জানিয়েছেন, 'আমরা সিএসকে-র কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খতিয়ে দেখছি।' চেন্নাই সুপার কিংসের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, 'ডিজে-রা সাধারণত ঘরের মাঠে খেলা দলকে সমর্থন করার জন্যই থাকেন। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে পরিস্থিতি ভিন্ন ছিল। আমাদের ক্রিকেটারদের লক্ষ্য করে কিছু মন্তব্য করা হয়েছে। সে কারণেই আমরা বিসিসিআই-কে বিষয়টি খতিয়ে দেখার জন্য চিঠি দিয়েছি।' গায়ক গানা আপ্পুর সুর করা এই গানটির সঙ্গে সিএসকে-আরসিবি প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, কারণ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই গান প্রায়শই ব্যবহার করেন।
এই পর্বের প্রথম সূত্রপাত গত বছর। চেন্নাই ম্যাচের আগে আরসিবি জীতেশ শর্মার একটি ভিডিও পোস্ট করে। সেখানে এই গানটি গাইতে দেখা যায় বেঙ্গালুরুর উইকেটকিপারকে। তাতে চটে যায় চেন্নাইয়ের ফ্যানরা। চিপকে ফিরতি ম্যাচে জীতেশ আউট হওয়ার পর একই গান বাজান ডিজে। এরপরই হস্তক্ষেপ করে সিএসকে ম্যানেজমেন্ট। বিপক্ষের প্লেয়ার এবং ফ্যানদের বিরুদ্ধে কোনও মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে এই গান বাজানো বন্ধ হয়ে যায়। কাশী বিশ্বনাথ আরও বলেন, ‘ওই ঘটনার পর আর এ রকম কিছু ঘটেনি। ডিজে-র কাজ নয় প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করা। তার উপর, আমাদের ভাগ্য ভালো যে আমাদের দারুণ সমর্থক রয়েছে, যারা সব সময় আমাদের পাশে থাকে।’ কিন্তু ফের বেঙ্গালুরুতে ফিরে আসে সেই গান। তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়ের পর আরসিবি আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেও, সিএসকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।