সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন অর্ণব। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বুধবার দুপুরের দিকে আছড়ে পড়বে সাইক্লোন অর্ণব। বুধবার, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপটলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকায় সাইক্লোনটির আছড়ে পড়ার কথা রয়েছে। এদিকে, কলকাতা মঙ্গলবারের সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও মঙ্গলবার বৃষ্টির সাক্ষী থেকেছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামেও।

সাইক্লোন অর্ণব নিয়ে এদিন দুপুরে আবহাওয়া দফতরের বুলেটিনে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঝড়। এমনিতে সেই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এরপর মঙ্গলের রাতে বাঁক নিয়ে নেবে অর্ণব। পরে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে সাইক্লোন। পূর্বাভাস বলছে, অন্ধ্রপ্রদেশে সাইক্লোনটি আছড়ে পড়ার সময়, অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। যে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
এদিক, সাইক্লোন অর্ণবের প্রভাব ইতিমধ্যেই বাংলায় পড়তে শুরু করেছে। শহর কলকাতায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। দুই মেদিনীপুরেও বৃষ্টি হয়েছে। এছাড়াও ঝড়ের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধে কলকাতা সহ বাকি জেলায় বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সেখানে বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।