...
...
Next Story

Delhi CJP Protest Detainment: যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠী, দিল্লিতে রাতভর আটক ৪০০-র বেশি

প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার আবাসনে ধ্রুবের বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার আগে সেখান থেকে ধ্রুবকে আটক করা হয়। তবে ঠিক কোন আইনে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

Published on: Oct 10, 2026, 10:39:45 IST
Advertisement

যন্তর মন্তরে বিক্ষোভের ডাক। আর তার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল রাজধানী দিল্লিকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। অন্য দিকে, দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে রাতভর ৪০০-র বেশি মানুষকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে অপরাধমূলক কাজকর্মে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবারের কর্মসূচি ঘিরে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ২০ হাজারেরও বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর কর্মী। সাত স্তরের ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে যন্তর মন্তরে যাওয়ার রাস্তা।

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠী, দিল্লিতে আটক ৪০০-র বেশি (PTI)
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ধ্রুব রাঠী, দিল্লিতে আটক ৪০০-র বেশি (PTI)

প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার আবাসনে ধ্রুবের বাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। দিল্লিতে সিজেপির বিক্ষোভে যোগ দেওয়ার আগে তাঁকে আটক করা হয়। তবে ঠিক কোন আইনে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়। ধ্রুবের আটক হওয়ার ঘটনা সামনে আসতেই বিক্ষোভ ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কেন এই বিক্ষোভ?

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে সিজেপি। তাদের দাবি, ভোটার তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই ঘটনার দায় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তারা। শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় জমায়েতের পরিকল্পনা ছিল সংগঠনের।

কিন্তু দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিক্ষোভকারীদের আটকানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী জুড়ে ইতিমধ্যেই ৪০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। যন্তর মন্তরে যাওয়ার পথে বসানো হয়েছে অন্তত সাত স্তরের ব্যারিকেড। কয়েকটি ব্যারিকেড আরও মজবুত করতে জোড়া হয়েছে ধাতব কাঠামো দিয়ে।

নিরাপত্তার কারণে দিল্লির ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত নয়াদিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনে আসার কথা ছিল এমন ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। জনপথ ও কর্তব্য পথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। তবে এত বিধিনিষেধ সত্ত্বেও বিক্ষোভ থেকে সরতে নারাজ সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, বাধা থাকলেও তাঁদের সমর্থকেরা যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসছেন না।

এক দিকে ভোটার তালিকা নিয়ে অভিযোগ, অন্য দিকে বিক্ষোভ ঠেকাতে পুলিশের ব্যাপক প্রস্তুতি। সব মিলিয়ে শনিবার সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। এখন নজর, শেষ পর্যন্ত যন্তর মন্তরে বিক্ষোভ কতটা জমে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ কী পদক্ষেপ করে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks