...
...
Next Story

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল্লির আদালতের! ভারতে ফিরলেই গ্রেফতারির আশঙ্কা

২০১৮ সালের মে মাসে নিজের ইউটিউব চ্যানেলে 'বিজেপি আইটি সেল পার্ট টু' শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব। সেখানে তাঁর অভিযোগ ছিল, বিজেপির আইটি সেলের সদস্যরা তাঁকে হেনস্থা করার উদ্দেশ্যে অভিযোগকারী বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।

Published on: Nov 23, 2026, 13:58:08 IST
Advertisement

ইউটিউবার ধ্রুব রাঠির আইনি বিপদ আরও বাড়ল। ২০১৮ সালের একটি পুরনো মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছে সাকেত আদালত। এর আগে দু’বার জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু তাতেও ধ্রুব রাঠির কাছে আদালতের নির্দেশ পৌঁছয়নি। তাই এ বার কঠোর পদক্ষেপ করল আদালত। এই পরোয়ানার জেরে ভারতে ফিরলে গ্রেফতার হতে পারেন জনপ্রিয় এই ইউটিউবার। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দিতে সম্প্রতি ভারতে আসার পর ধ্রুব রাঠির বিরুদ্ধে আদালতের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল্লির আদালতের! ভারতে ফিরলেই গ্রেফতারির আশঙ্কা (Hindustan Times)
ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিল্লির আদালতের! ভারতে ফিরলেই গ্রেফতারির আশঙ্কা (Hindustan Times)

২০১৮ সালের মে মাসে নিজের ইউটিউব চ্যানেলে 'বিজেপি আইটি সেল পার্ট টু' শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ধ্রুব। সেখানে তাঁর অভিযোগ ছিল, বিজেপির আইটি সেলের সদস্যরা তাঁকে হেনস্থা করার উদ্দেশ্যে অভিযোগকারী বিকাশ পাণ্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিতর্ক তৈরি হয়। বিকাশ সাঙ্কৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে দাবি করেন, ভিডিওতে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন ধ্রুব। তাঁর সম্মানহানি করতেই পরিকল্পিত ভাবে ওই ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছিল। এর পরেই ধ্রুবের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মানহানির মামলা করেন তিনি।

এই বিতর্কে নাম জড়িয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালেরও। ধ্রুবের তৈরি ভিডিওটি সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সেই কারণে কেজরীওয়ালের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করেছিলেন বিকাশ। পরে ভিডিওটি শেয়ার করা ভুল হয়েছিল বলে আদালতে স্বীকার করেন কেজরীওয়াল। তবে ভিডিওটির নির্মাতা ও প্রকাশক হিসাবে ধ্রুবের বিরুদ্ধে মূল মামলাটি চলতে থাকে।

এর পর ১৭ অক্টোবর প্রথম বার ধ্রুবের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সমন পৌঁছে দিতে গিয়ে প্রক্রিয়াকারী আদালতকর্মী জানান, গুরুগ্রামের বাড়িতে তালা ঝুলছিল। ৩১ অক্টোবর ফের নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়। আগের পরোয়ানা ভুল ঠিকানায় অস্ট্রিয়ায় পাঠানো হয়েছিল বলে আদালতে জানানো হয়। অভিযোগকারীর আইনজীবী জানান, ধ্রুব তত দিনে ভারত ছেড়ে বিদেশে চলে গিয়েছেন।

সোমবার, ২৩ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি ছিল। সেখানেই আগের দু'বার জামিনযোগ্য পরোয়ানা জারির পর এ বার জামিন অযোগ্য পরোয়ানা জারি করেন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল জৈন। অর্থাৎ আদালতের নির্দেশ অমান্য করে হাজিরা এড়ানোর পরিস্থিতিতে আরও কঠোর অবস্থান নিল বিচারব্যবস্থা।

উল্লেখ্য, অক্টোবরের গোড়ায় সিজেপির আন্দোলনে যোগ দিতে ভারতে এসেছিলেন ধ্রুব। ১০ অক্টোবর দিল্লিতে যাওয়ার আগে গুরুগ্রাম থেকেই তাঁকে আটক করেছিল পুলিশ। প্রায় ২০ ঘণ্টা পর ছাড়া পেয়ে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই লন্ডনে চলে যান এই ইউটিউবার। এখন তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হওয়ায় ভারতে ফেরার ক্ষেত্রে নতুন আইনি জটিলতা তৈরি হল। তবে পরোয়ানা জারি হওয়া মানেই মানহানির অভিযোগ প্রমাণিত হওয়া নয়। মামলার বিচার এখনও বাকি।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks