...
...
Next Story

Delimitation Commission: ডিলিমিটেশন কমিশনে ৩ সদস্যের প্যানেল! থাকবেন কারা?

ডিলিমিটেশন কমিশন গঠনের বিষয়টি বিলের তৃতীয় ধারায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কোনও বর্তমান বা প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করবে। দ্বিতীয় সদস্য হিসেবে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার।

Published on: Nov 28, 2026, 09:42:41 IST
Advertisement

দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজাতে এবার তিন সদস্যের শক্তিশালী কমিশন গঠনের পরিকল্পনা নরেন্দ্র মোদি সরকারের। ডিলিমিটেশন বিল, ২০২৬-এ এই কমিশনের সদস্য কারা হবেন, কীভাবে কাজ করবে এবং কতদিন দায়িত্বে থাকবে, তার বিস্তারিত উঠে এল। প্রস্তাব অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের কোনও বর্তমান অথবা প্রাক্তন বিচারপতি। বাকি দুই সদস্যের মধ্যে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার। অর্থাৎ, দেশের নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিচার বিভাগ এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের একসঙ্গে রাখা হচ্ছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে এই বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।

ডিলিমিটেশন কমিশনে ৩ সদস্যের প্যানেল! থাকবেন কারা?
ডিলিমিটেশন কমিশনে ৩ সদস্যের প্যানেল! থাকবেন কারা?

প্রতিবেদন অনুযায়ী, ডিলিমিটেশন কমিশন গঠনের বিষয়টি বিলের তৃতীয় ধারায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কমিশনের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কোনও বর্তমান বা প্রাক্তন বিচারপতিকে নিয়োগ করবে। দ্বিতীয় সদস্য হিসেবে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার (CEC) অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার। তৃতীয় সদস্য হবেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার। তিনি পদাধিকারবলে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেঘালয় ও নাগাল্যান্ডের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই দুই রাজ্যে রাজ্যপালের মনোনীত কোনও ব্যক্তি রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করবেন।

কমিশন গঠনের সময়সীমা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে কেন্দ্রের হাতে। বিল অনুযায়ী, কমিশন কতদিন কাজ করবে, তা কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে নির্ধারণ করবে। প্রয়োজনে কমিশন মেয়াদ বাড়ানোর আবেদন জানাতে পারবে। সেই আবেদন বিবেচনা করে কেন্দ্রীয় সরকার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারবে। সংসদে বিল পাশ হয়ে রাষ্ট্রপতির অনুমোদন পেলেই যত দ্রুত সম্ভব এই কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের।

কমিশনের প্রধান কাজ হবে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির আসনসংখ্যা পুনর্বিন্যাস এবং প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী কেন্দ্রগুলির নতুন সীমানা নির্ধারণ। এই কাজের জন্য সর্বশেষ প্রকাশিত জনগণনার পরিসংখ্যান ব্যবহার করার কথা বলা হয়েছে। প্রয়োজনে রেজিস্ট্রার জেনারেল, জনগণনা কমিশনার, সার্ভেয়ার জেনারেল এবং ভৌগোলিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদেরও সাহায্য নিতে পারবে কমিশন। জমি, জনসংখ্যা এবং ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখেই নতুন নির্বাচনী মানচিত্র তৈরি হবে।

জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাকিস্তানের দখলে থাকা জম্মু ও কাশ্মীরের অংশটি ভবিষ্যতে ভারতের নিয়ন্ত্রণে এলে সেখানে বিধানসভা কেন্দ্র নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশন পালন করবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী লোকসভার আসনসংখ্যা প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টিও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সরকারের লক্ষ্য, নতুন ব্যবস্থায় ২০২৯ সালের লোকসভা নির্বাচন আয়োজন করা। তবে তার আগে সংসদের দুই কক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিল পাশ করানোই মোদি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

সব মিলিয়ে, ডিলিমিটেশন কমিশনের গঠন ও ক্ষমতা নিয়ে কেন্দ্রের এই প্রস্তাব দেশের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এবার সংসদে বিলটি পাশ হয় কি না এবং কমিশনের দায়িত্ব শেষ পর্যন্ত কাদের হাতে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks