...
...
Next Story

মনমোহনকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব! সোনিয়ার বইয়ে চাঞ্চল্যকর দাবি

মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার ৫২৬ পাতার আত্মজীবনী। সেখানে শুধু গান্ধী পরিবারের ব্যক্তিগত জীবন নয়, কংগ্রেসের অন্দরের রাজনীতি এবং ইউপিএ সরকারের সময়কার নানা অজানা ঘটনাও তুলে ধরেছেন তিনি।

Published on: Nov 10, 2026, 13:06:28 IST
Advertisement

প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণব মুখোপাধ্যায়েরও! ২০১০ সালে কংগ্রেসের তৎকালীন সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে কথোপকথনে সেই ইচ্ছারই ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ। সোনিয়ার দাবি, একদিন কথায় কথায় প্রণব তাঁকে বলেছিলেন, এ বার হয়তো নেতৃত্বের শীর্ষ স্তরে পরিবর্তন আনার সময় এসেছে। প্রণবের সেই মন্তব্যের অর্থ, তিনি নিজেই প্রধানমন্ত্রী হতে চাইছেন বলে বুঝেছিলেন সোনিয়া। কিন্তু বিষয়টি নিয়ে কোনও আলোচনা না বাড়িয়ে কৌশলে প্রসঙ্গ বদলে দিয়েছিলেন তিনি।

12Feb2009 Pranab Mukherjee 81st Annual General Meetinng on Security Governance and Global Economic Crisis of FICCI in New Delhi Photograph by Harikrishna Katragadda/ MINT
12Feb2009 Pranab Mukherjee 81st Annual General Meetinng on Security Governance and Global Economic Crisis of FICCI in New Delhi Photograph by Harikrishna Katragadda/ MINT

মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার ৫২৬ পাতার আত্মজীবনী। সেখানে শুধু গান্ধী পরিবারের ব্যক্তিগত জীবন নয়, কংগ্রেসের অন্দরের রাজনীতি এবং ইউপিএ সরকারের সময়কার নানা অজানা ঘটনাও তুলে ধরেছেন তিনি। প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তাঁর এই স্মৃতিচারণ ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কী বলেছিলেন প্রণব?

সোনিয়ার লেখা অনুযায়ী, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সরকার ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখতে একটি বিশেষ গোষ্ঠী তৈরি হয়েছিল। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই গোষ্ঠীর বৈঠক হত। সেখানে উপস্থিত থাকতেন প্রণব মুখোপাধ্যায়, অর্জুন সিং, এ কে অ্যান্টনি এবং আহমেদ পটেল। সংসদে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা ঠিক করতেও তাঁরা নিয়মিত বৈঠক করতেন। সোনিয়া জানিয়েছেন, বৈঠক শেষ হওয়ার পর অনেক সময় প্রণব তাঁর সঙ্গে আলাদা করে কথা বলতেন। প্রণবকে তিনি ‘প্রণবজি’ বলেই সম্বোধন করতেন। সেই সময় তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণবের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল।

প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না পেলেও ২০১২ সালে তাঁর রাজনৈতিক জীবনে আসে বড় স্বীকৃতি। সেই বছর ইউপিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রণবের নাম ঘোষণা করে কংগ্রেস। পরে নির্বাচনে জয়ী হয়ে দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হন তিনি। সোনিয়ার কথায়, রাষ্ট্রপতি হওয়ার পরেও প্রণবের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মাঝেমধ্যেই তাঁর সঙ্গে দেখা করতে যেতেন তিনি। অভিজ্ঞ ও জ্ঞানী রাজনীতিক হিসাবে প্রণবকে অত্যন্ত শ্রদ্ধা করতেন বলেও জানিয়েছেন কংগ্রেস নেত্রী।

মনমোহনকে পাশ কাটিয়ে ক্ষমতা চালানোর অভিযোগ অস্বীকার

বইয়ে ইউপিএ সরকারের সময় নিজের ভূমিকা নিয়েও মুখ খুলেছেন সোনিয়া। বিরোধীদের অভিযোগ ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও প্রকৃত ক্ষমতা ছিল সোনিয়ার হাতে। প্রধানমন্ত্রীর দফতর থেকে ফাইল আনিয়ে দেখা, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রেও তাঁর প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছিল।

সোনিয়া অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, সরকার চালানোর দায়িত্ব ছিল মনমোহন সিংয়ের এবং দল পরিচালনার দায়িত্ব ছিল তাঁর। কংগ্রেস সভাপতি হিসাবে তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারতেন, মতপার্থক্যও জানাতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করা তাঁর দায়িত্ব ছিল।

সোনিয়ার দাবি, তিনি কখনও নিয়ম ভেঙে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করেননি। এমনকি প্রধানমন্ত্রীর দফতরও এক বিবৃতিতে জানিয়েছিল, সরকারি ফাইল কখনও সোনিয়াকে দেখানো হয়নি। সব মিলিয়ে, প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থেকে মনমোহন সিংয়ের সঙ্গে ক্ষমতার সমীকরণ, ইউপিএ আমলের বহু অজানা অধ্যায় নতুন করে সামনে এনেছে এই বই।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks