ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী ও মার্কিনমুখী পেশাদারদের জন্য বড় স্বস্তির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা নতুন H-1B ভিসার ১ লক্ষ ডলারের ফি বাতিল করে দিয়েছে একটি মার্কিন ফেডারেল আদালত। আদালতের মতে, এই ফি কার্যত একটি ‘কর’, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট একতরফাভাবে আরোপ করতে পারেন না।
ম্যাসাচুসেটসের বোস্টনের মার্কিন জেলা আদালতের বিচারপতি লিও সোরোকিন এই রায় দেন। গত বছর ট্রাম্প প্রশাসন নতুন H-1B ভিসার জন্য ১ লক্ষ ডলারের অতিরিক্ত ফি চালু করেছিল, যা আগে সাধারণত ২,০০০ থেকে ৫,০০০ ডলারের মধ্যে ছিল। আদালত জানায়, এই বিপুল অঙ্কের ফি আরোপের জন্য প্রেসিডেন্টের প্রয়োজনীয় সাংবিধানিক বা আইনগত ক্ষমতা ছিল না।
এই ফি-র বিরুদ্ধে ২০টি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, এই সিদ্ধান্তের ফলে প্রযুক্তি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগে গুরুতর সমস্যা তৈরি হচ্ছিল। আদালত সেই যুক্তিকেই গুরুত্ব দিয়েছে।
H-1B ভিসা কর্মসূচির মাধ্যমে প্রতিবছর ৬৫ হাজার বিদেশি দক্ষ কর্মীকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া হয়। উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসার ব্যবস্থাও রয়েছে। ভারতীয় পেশাদাররাই এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম। আদালতের রায়ের ফলে আপাতত ১ লক্ষ ডলারের ফি কার্যকর থাকবে না। তবে ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারে বলে জানিয়েছে। আদালতের নথি অনুযায়ী, ফি বৃদ্ধির ফলে H-1B ভিসার আবেদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৮৫টি ক্ষেত্রে এই বর্ধিত ফি জমা পড়েছিল বলে মার্কিন প্রশাসনের নথিতে উল্লেখ করা হয়েছে।