...
...
Next Story

Donald Trump on Iran War: ইরানের বিরুদ্ধে যুদ্ধ কার্যত শেষ! আপাতত সামরিক অভিযান বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

গত জুলাই থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযান মূলত নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত হামলার মধ্যে আটকে রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই অবস্থান বজায় রাখার ইঙ্গিত মিলেছে। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।

Published on: Nov 10, 2026, 07:56:28 IST
Advertisement

ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান কি তবে শেষের পথে? অন্তত তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ হয়ে গিয়েছে। আপাতত নতুন করে বড় কোনও হামলার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। বরং বর্তমান পরিস্থিতিই বজায় রাখতে চায় আমেরিকা। তবে সংঘাত পুরোপুরি মিটে গিয়েছে, এমন ঘোষণা করেননি ট্রাম্প। তাঁর কথায়, পরিস্থিতির পরিবর্তন হলে আমেরিকার সেনা যে কোনও পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কার্যত শেষ! আপাতত সামরিক অভিযান বন্ধের ইঙ্গিত ট্রাম্পের (Bloomberg)
ইরানের বিরুদ্ধে যুদ্ধ কার্যত শেষ! আপাতত সামরিক অভিযান বন্ধের ইঙ্গিত ট্রাম্পের (Bloomberg)

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। তার আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পরেই ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আপাতত আমেরিকা বর্তমান অবস্থাই বজায় রাখছে। তাঁর এই মন্তব্যকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় মাপের সামরিক অভিযান না চালানোর ইঙ্গিত হিসাবেই দেখছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ।

গত জুলাই থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযান মূলত নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত হামলার মধ্যে আটকে রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই অবস্থান বজায় রাখার ইঙ্গিত মিলেছে। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, আপাতত সামরিক অভিযানের প্রয়োজনীয়তা খুব একটা নেই। কিন্তু পরিস্থিতি বদলালে আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত। অর্থাৎ, আপাতত বড় হামলার সম্ভাবনা কমলেও সামরিক বিকল্প খোলা রাখছে ওয়াশিংটন।

কাতারের মধ্যস্থতায় আলোচনা

বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা অবশ্য প্রকাশ করেননি ট্রাম্প। তবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ সমাজমাধ্যমে জানান, বৈঠক যথেষ্ট ভাল হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং আমেরিকা-ইরান আলোচনাকে কী ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে কথা হয়েছে। একটি চুক্তির মাধ্যমে অঞ্চলে শান্তি ফেরানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পও দাবি করেছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

ইরানের পাল্টা বার্তা

তবে ট্রাম্পের এই বক্তব্যকে সহজে মেনে নিতে নারাজ তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই আমেরিকার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ওয়াশিংটন মরিয়া হয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে দেখানোর চেষ্টা করছে। সমাজমাধ্যমে তিনি আমেরিকাকে ইরানের সাতটি শর্ত মেনে নেওয়ারও বার্তা দিয়েছেন।

অন্য দিকে, দীর্ঘদিনের সংঘাতের পর যুদ্ধের অর্থনৈতিক চাপও বাড়ছে। জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা, সব ক্ষেত্রেই তার প্রভাব পড়েছে। সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কার পর ট্রাম্পের এই অবস্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে আমেরিকা ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks