...
...
Next Story

Donald Trump on Iran: 'একটি গুলিই যথেষ্ট...,' খামেনেইয়ের শেষকৃত্যের দিনই গর্জন ট্রাম্পের, প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরান

Donald Trump on Iran: ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য পর্যবেক্ষণ করছেন। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ অভিযানে যুদ্ধের প্রথম দিনই খামেনেই নিহত হন।

Published on: Jul 5, 2026, 12:41:43 IST
Advertisement

Donald Trump on Iran: শুক্রবার থেকে শুরু হয়েছে ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের ধর্মীয় প্রক্রিয়া। ৯ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে সমাহিত করা হবে। এই আবহে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতার শেষকৃত্যকে ঘিরে নতুন করে কূটনৈতিক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আপাতত স্থগিত থাকার মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, এক গুলিতেই ইরানের শীর্ষ নেতৃত্ব নিঃশেষ করে দিতে পারেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (AP)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (AP)

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার খামেনেইয়ের শেষকৃত্য পর্যবেক্ষণ করছেন। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ অভিযানে যুদ্ধের প্রথম দিনই খামেনেই নিহত হন। ট্রাম্পের দাবি, ইরান ‘চুক্তি করার জন্য আকুতি জানাচ্ছে।’ তবে খামেনেইয়ের শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এ সময়ের মধ্যে কোনও পক্ষই একে অপরের ওপর গুলি চালাবে না। ট্রাম্প বলেন, ‘তাঁরা সবাই সেখানে আছে। একটি গুলিই যথেষ্ট (আমরা চাইলে সবাইকে হত্যা করতে পারি)। কিন্তু আমরা তা করব না। কারণ তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না।’

তিনি আরও বলেন, খামেনেইয়ের শেষকৃত্যে ইরানিদের কাঁদতে দেখে তিনি বিস্মিত হয়েছেন। তাঁর ধারণা ছিল, মানুষ খামেনেইকে ঘৃণা করে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘হয়তো ওগুলো কৃত্রিম কান্না।’ ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন শুক্রবার তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের আনুষ্ঠান শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরে ইরান ও ইরাকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং শোকযাত্রা চলবে। ৯ জুলাই তাঁকে সমাহিত করা হবে।

ইরানের কড়া প্রতিক্রিয়া

তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তাঁর কফিনের পাশাপাশি বিমান হামলায় নিহত পরিবারের সদস্যদের কফিনও রাখা হয়েছে। শোকস্তব্ধ জনতার অনেকেই অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত জনতার একাংশ 'প্রতিশোধ চাই' এবং 'মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক' স্লোগান দিতে থাকেন, যা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানের রাজনৈতিক সংস্কৃতির পরিচিত অংশ। শহরের বিভিন্ন প্রান্তে খামেনেইয়ের বিশাল ছবি ও ব্যানার টাঙানো হয়েছে। শিয়া রীতি মেনে বহু মানুষ বুক চাপড়ে শোক প্রকাশ করেন। পর্যবেক্ষকদের মতে, এই শেষকৃত্য ইরানের ধর্মীয় নেতৃত্বকে নতুন করে জনসমর্থন জোগাতে পারে। প্রসঙ্গত, ৮৬ বছর বয়সে যুদ্ধের প্রথম দিকে এক বিমান হামলায় খামেনেই নিহত হন। তাঁর মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তাঁর ছেলে আয়াতোল্লা মোজতবা খামেনেই দায়িত্ব গ্রহণ করেছেন বলে ইরানের শাসক মহল জানিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks