...
...
Next Story

ED Raids at Ashok Mittal: হয়েছেন রাঘব চাড্ডার স্থলাভিষিক্ত,সেই আপ সাংসদের একাধিক ঠিকানায় পৌঁছল ED, খবরে অশোক মিত্তিল

ED Raids at Ashok Mittal: ৬১ বছরের ব্যবসায়ী ও শিক্ষাবিদ অশোক মিত্তল ‘লাভলি গ্রুপ’-এর প্রধান। তাঁদের একটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

Published on: Apr 15, 2026 04:54 PM IST
Advertisement

ED Raids at Ashok Mittal: বুধবার সকালে পাঞ্জাব আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ অশোক মিত্তল এবং তাঁর ছেলের সঙ্গে যুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইন (ফেমা)-এর আওতায় আর্থিক তছরূপের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে। এপ্রিলের গোড়াতেই রাঘব চড্ডার পরিবর্তে অশোক মিত্তলকে রাজ্যসভার নতুন উপনেতা হিসেবে মনোনীত করেছিল আপ।

আপ সাংসদের একাধিক ঠিকানায় হানা
আপ সাংসদের একাধিক ঠিকানায় হানা

৬১ বছরের ব্যবসায়ী ও শিক্ষাবিদ অশোক মিত্তল ‘লাভলি গ্রুপ’-এর প্রধান। তাঁদের একটি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। পাঞ্জাবে অশোক মিত্তলের একাধিক সম্পত্তিতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। গুরুগ্রাম, জলন্ধর, ফগওয়ারা-সহ আট-নয়টি জায়গায় তল্লাশি চলছে। অশোক মিত্তল ও তাঁর পরিবারের বিভিন্ন সম্পত্তি, সংস্থা, বাড়ি, ফার্ম হাউসে তল্লাশি চালিয়েছে ইডি। ইডি সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের তহবিল তছরূপের সন্দেহে এই পদক্ষেপ করা হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগ বা লেনদেনের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি। অশোকের ছেলের সংস্থাতেও ইডি তল্লাশি চালিয়েছে বলে খবর। অশোকের দাদা রমেশ মিত্তল এবং নরেশ মিত্তলের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ‘লাভলি গ্রুপ’-এর উপরই মূলত নজর ইডি-র।

লাভলি প্রফেশন ইউনিভার্সিটি, লাভলি অটোস, লাভলি সুইটস ও লাভলি ডিস্টেন্স এডুকেশন সেন্টার-এর নথিপত্র খতিয়ে দেখেছে ইডি। জলন্ধরে লাভলি প্রফেশন ইউনিভার্সিটি-র ক্যাম্পাসে দেখা গিয়েছে ইডি আধিকারিকদের। সেখানে বিভিন্ন নথিপত্র, লেনদেনের রেকর্ড খুঁটিয়ে দেখা হচ্ছিল। আর এই খবর প্রকাশ্যে আসতেই আম আদমি পার্টি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলে দাবি তাদের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেন, ‘পাঞ্জাব নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। আম আদমি পার্টির সাংসদ অশোক মিত্তলের বাড়ি ও ইউনিভার্সিটিতে ইডি হানা, একেবারে মোদীর স্টাইল।’ অন্যদিকে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ তুলেছেন, বিজেপি পাঞ্জাব নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছে। তাঁর দাবি, 'পাঞ্জাবে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিজেপি, তাই এ ধরনের হানা বাড়ানো হচ্ছে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe