...
...
Next Story

নেতানিয়াহুকেই সরকারে যোগ দেওয়ার প্রস্তাব আইজেনকোটের! ‘ইহুদি ঐক্য’ নিয়ে পাল্টা চালে চাপে বিবি

প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার আনুষ্ঠানিক ভাবে সেই দায়িত্বও পেয়েছেন তিনি। ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতায় থাকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Published on: Nov 9, 2026, 10:11:15 IST
Advertisement

ইজরায়েলের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত ক্রমশ জোরাল হচ্ছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা হারানোর আশঙ্কার মধ্যেই এবার তাঁকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। শুধু তাই নয়, নেতানিয়াহুর দল লিকুদ এবং তাঁর সহযোগী দক্ষিণপন্থী দলগুলিকে নিজের নেতৃত্বে সরকারে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। যুক্তি, যদি সত্যিই ইজরায়েলে ইহুদি ঐক্য প্রতিষ্ঠা করাই লক্ষ্য হয়, তা হলে তাঁর সরকারে যোগ দিতে আপত্তি কোথায়? আইজেনকোটের এই মন্তব্যকে নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলেরই পাল্টা জবাব বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

নেতানিয়াহুকেই সরকারে যোগ দেওয়ার প্রস্তাব আইজেনকোটের! ‘ইহুদি ঐক্য’ নিয়ে পাল্টা চালে চাপে বিবি (REUTERS)
নেতানিয়াহুকেই সরকারে যোগ দেওয়ার প্রস্তাব আইজেনকোটের! ‘ইহুদি ঐক্য’ নিয়ে পাল্টা চালে চাপে বিবি (REUTERS)

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার আনুষ্ঠানিক ভাবে সেই দায়িত্বও পেয়েছেন তিনি। ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতায় থাকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নেতানিয়াহুকে কেন প্রস্তাব আইজেনকোটের?

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ইজরায়েলে সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কোনও পক্ষই একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে নেতানিয়াহু বারবার ইহুদি দলগুলির মধ্যে ঐক্যের ডাক দিচ্ছিলেন। তাঁর বক্তব্য ছিল, দেশের স্বার্থে বিভিন্ন ইহুদি রাজনৈতিক দলকে একসঙ্গে আসতে হবে। আরব দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতাও করেছেন তিনি।

কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পর এবার সেই যুক্তিকেই নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবহার করলেন আইজেনকোট। তাঁর বক্তব্য, লিকুদ এবং ধর্মীয় ইহুদি দলগুলি যদি সত্যিই ঐক্যের কথা বলে, তা হলে তাঁর নেতৃত্বে সরকারে যোগ দিতে অসুবিধা কোথায়? অর্থাৎ সরকারে যোগ দেওয়ার দরজা খোলা রয়েছে। তবে শর্ত, নেতৃত্ব দিতে হবে তাঁকেই।

ইজরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গড়তে প্রয়োজন অন্তত ৬১টি আসন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্য দিকে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। ফলে দুই শিবিরের কেউই একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

অন্য দিকে, আরব দলগুলি পেয়েছে মোট ১৯টি আসন। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। বাকি সাত জন কোনও পক্ষকেই সমর্থন করেননি।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকেই সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন। নিয়ম অনুযায়ী, সরকার গড়তে তাঁর হাতে ২৮ দিন সময় রয়েছে। প্রয়োজন হলে আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন প্রেসিডেন্ট।

আরব দলগুলির সমর্থনও গুরুত্বপূর্ণ

এবারের নির্বাচনে আরব দলগুলির আসনসংখ্যা বেড়ে ১৯ হওয়ায় সরকার গঠনের অঙ্ক অনেকটাই বদলে গিয়েছে। তাদের সমর্থন ছাড়া আইজেনকোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন। তবে আরব দলগুলিকে সরকারে নেওয়া নিয়ে তাঁর জোটের মধ্যেও মতবিরোধ রয়েছে। ফলে শুধু নেতানিয়াহুর দলকে প্রস্তাব দিলেই সমস্যার সমাধান হবে না।

সব মিলিয়ে ইজরায়েলের রাজনীতিতে এখন নজর আইজেনকোটের পরবর্তী পদক্ষেপের দিকে। এক দিকে নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটানোর লক্ষ্য, অন্য দিকে বিভিন্ন মতের দলকে এক ছাতার তলায় আনার চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত ইহুদি ঐক্যের যুক্তিতে নেতানিয়াহুর দল আইজেনকোটের নেতৃত্ব মেনে নেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks