...
...
Next Story

Elon Musk on Jensen Huang: ‘সম্মানের বিষয়’, এনভিডিয়া থেকে ছাঁটাই হলে জেনসেন হুয়াংকে নিয়োগ করতে তৈরি ইলন মাস্ক!

হুয়াংকে নিয়োগ করার প্রস্তাব পেলে তা তাঁর কাছে সম্মানের বিষয় হবে বলে জানিয়েছেন মাস্ক। এমন সময় এই মন্তব্য সামনে এল, যখন ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক এবং চিনের সঙ্গে সম্ভাব্য গোয়েন্দা যোগের অভিযোগে এনভিডিয়ার প্রধানের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Published on: Nov 12, 2026, 13:59:28 IST
Advertisement

বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি ইলন মাস্কের নতুন মন্তব্য ঘিরে প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা। এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংকে নিজের সংস্থায় নিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্স কর্ণধার। হুয়াংকে নিয়োগ করার প্রস্তাব পেলে তা তাঁর কাছে সম্মানের বিষয় হবে বলে জানিয়েছেন মাস্ক। এমন সময় এই মন্তব্য সামনে এল, যখন ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক এবং চিনের সঙ্গে সম্ভাব্য গোয়েন্দা যোগের অভিযোগে এনভিডিয়ার প্রধানের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকী তাঁকে সংস্থার সিইও পদ থেকে সরানোর কথা বিবেচনা করছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ, এমনই দাবি একাধিক সংবাদমাধ্যমের।

হুয়াংকে নিয়োগ করার প্রস্তাব পেলে তা তাঁর কাছে সম্মানের বিষয় হবে বলে জানিয়েছেন মাস্ক।
হুয়াংকে নিয়োগ করার প্রস্তাব পেলে তা তাঁর কাছে সম্মানের বিষয় হবে বলে জানিয়েছেন মাস্ক।

ঘটনার সূত্রপাত সমাজমাধ্যম এক্স-এ। বুধবার রাতে আর্থিক বিষয়ক জনপ্রিয় অ্যাকাউন্ট জিরো হেজ (ZeroHedge) ইলন মাস্ককে উদ্দেশ্য করে লেখে, 'ইলন, দয়া করে জেনসেনকে নিয়োগ করুন।' সেই পোস্টের জবাবে বৃহস্পতিবার, ১২ নভেম্বর মাস্ক লেখেন, 'That would be an honour' অর্থাৎ, তাঁকে নিয়োগ করতে পারা সম্মানের বিষয় হবে। মাস্কের এই সংক্ষিপ্ত মন্তব্যের পরেই প্রযুক্তি দুনিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যিই কি এনভিডিয়া ছেড়ে মাস্কের কোনও সংস্থায় যোগ দিতে পারেন জেনসেন হুয়াং? যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক চাকরির প্রস্তাব বা নিয়োগ সংক্রান্ত আলোচনা প্রকাশ্যে আসেনি।

কেন আচমকা হুয়াংকে সরানোর জল্পনা? তার নেপথ্যে রয়েছে একাধিক বিতর্ক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং চিনের সঙ্গে সম্ভাব্য গোয়েন্দা যোগাযোগ নিয়ে উদ্বেগের জেরে তাঁকে সরানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে এনভিডিয়ার বোর্ড। অভিযোগ, সিঙ্গাপুরের তথ্যপ্রযুক্তি সংস্থা মেগাস্পিডের এক উচ্চপদস্থ আধিকারিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এনভিডিয়া প্রধান। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি স্মারকলিপিতে ওই মহিলাকে চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়েছে বলে খবর। তবে এই অভিযোগ এখনও প্রমাণিত নয়।

গত ৮ নভেম্বর এনভিডিয়ার পরিচালন পর্ষদ একটি বিবৃতি প্রকাশ করে জানায়, জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্তে বাইরের আইনজীবীদেরও যুক্ত করা হয়েছে। তবে সংস্থার দাবি, এখনও পর্যন্ত এমন কোনও কারণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে বলা যায় যে মার্কিন জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের ক্ষতি হয়েছে। একই সঙ্গে বোর্ড হুয়াং এবং তাঁর নেতৃত্বের উপর আস্থা থাকার কথাও জানিয়েছিল।

রয়টার্সের ১২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। এনভিডিয়ার সিইও পদ থেকে তাঁকে সরানোর বিষয়টিও আলোচনায় রয়েছে বলে দাবি। সংস্থাটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪ লক্ষ কোটি ডলার। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জেনসেন হুয়াংয়ের নেতৃত্বেই গেমিং গ্রাফিক্স চিপ নির্মাতা সংস্থা বিশ্বের অন্যতম বৃহৎ এআই চিপ সরবরাহকারী হয়ে উঠেছে। তাঁর বিকল্প হিসেবে এখনও স্পষ্ট কোনও উত্তরসূরির নাম সামনে আসেনি।

সব মিলিয়ে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ এখন আন্তর্জাতিক প্রযুক্তি দুনিয়ার অন্যতম বড় আলোচ্য বিষয়। তবে ইলন মাস্কের মন্তব্যকে আপাতত সম্ভাব্য নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। এনভিডিয়া বোর্ডের তদন্ত এবং ভবিষ্যৎ সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি সংস্থার পরবর্তী অধ্যায়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks