ভারতে দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অভিনব উদ্যোগের ঘোষণা করলেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। তিনি ‘ইশক করো পার্টি’ (Ishq Karo Party) নামে একটি নতুন রাজনৈতিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কাটজু জানিয়েছেন, তাঁর দলের মূল স্লোগান হবে 'Make Love, Not War' বা 'যুদ্ধ নয়, প্রেম করুন'। বিচারপতি কাটজু সোশাল মিডিয়ায় পোস্ট করে মহুয়া মৈত্রকে তাঁর সদ্যগঠিত রাজনৈতিক দল 'ইস্ক করো পার্টি'-তে যোগ দেওয়ার আহ্বান জানান।

জাস্টিস কাটজুর দাবি, সমাজে ঘৃণা, সংঘাত ও বিভাজনের বদলে ভালোবাসা এবং মানবিক সম্পর্কের প্রসার ঘটলেই বহু সামাজিক সমস্যার সমাধান সম্ভব। আগ্রহীদের তিনি ই-মেলের মাধ্যমে দলের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছেন। ‘ইশক করো’ নামটির আক্ষরিক অর্থ ‘প্রেম করো’। কাটজুর এই ঘোষণাকে অনেকেই ব্যতিক্রমী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ব্যঙ্গাত্মক বা প্রতীকী রাজনৈতিক আন্দোলন বলেও মনে করছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা গিয়েছে।
উল্লেখ্য, মার্কণ্ডেয় কাটজু ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। পরে তিনি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া-র চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পরও তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে খোলামেলা মন্তব্য করে প্রায়শই আলোচনায় থাকেন। ‘ইশক করো পার্টি’ আদৌ নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেবে, নাকি এটি একটি সামাজিক আন্দোলনের রূপ নেবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।