...
...
Next Story

Biden on India: চিনের আধিপত্য রুখতে ভারতের উপরই ভরসা আমেরিকার! ভারতের ভূয়সী প্রশংসা বাইডেনের

‘Promise Me, America’ নামে নিজের স্মৃতিকথায় ভারত-আমেরিকা সম্পর্কের বিবর্তন এবং চিনের উত্থান মোকাবিলায় নয়াদিল্লির ভূমিকা নিয়ে বিস্তারিত লিখেছেন বাইডেন। তাঁর বক্তব্য, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত উন্নত হওয়া তাঁর প্রেসিডেন্সির অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য।

Published on: Nov 23, 2026, 10:19:06 IST
Advertisement

এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, সর্বত্র চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতের গুরুত্ব অপরিসীম। আর সেই লক্ষ্য পূরণে নয়াদিল্লিই আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথায় এমনই মন্তব্য করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু ভারত-আমেরিকা সম্পর্কের প্রশংসাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগ স্থাপনের পরিকল্পনা—ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (IMEC)-এরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বাইডেনের মতে, এই বাণিজ্যিক করিডর বাস্তবায়িত হলে চিনের অর্থনৈতিক প্রভাবের মোকাবিলায় আমেরিকা ও তার সহযোগী দেশগুলি বড়সড় সুবিধা পাবে।

চিনের আধিপত্য রুখতে ভারতের উপরই ভরসা আমেরিকার! ভারতের ভূয়সী প্রশংসা বাইডেনের (HT_PRINT)
চিনের আধিপত্য রুখতে ভারতের উপরই ভরসা আমেরিকার! ভারতের ভূয়সী প্রশংসা বাইডেনের (HT_PRINT)

প্রতিবেদন অনুযায়ী, ‘Promise Me, America’ নামে নিজের স্মৃতিকথায় ভারত-আমেরিকা সম্পর্কের বিবর্তন এবং চিনের উত্থান মোকাবিলায় নয়াদিল্লির ভূমিকা নিয়ে বিস্তারিত লিখেছেন বাইডেন। তাঁর বক্তব্য, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত উন্নত হওয়া তাঁর প্রেসিডেন্সির অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। কয়েক দশক ধরে ভারত-আমেরিকা সম্পর্কের দিকে নজর রেখেছেন তিনি। এমনকী সেনেটর থাকাকালীন ২০০৬ সালে ভারত-আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেনের মতে, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক থাকলেও ভারতের সঙ্গে আরও গভীর কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার পিছনে স্পষ্ট কারণ রয়েছে। তাঁর স্মৃতিকথায় ভারতের অভিবাসীদের আমেরিকার অর্থনীতি ও সমাজে অবদানের কথাও উঠে এসেছে। ১৯৬৫ সালের মার্কিন অভিবাসন আইন কীভাবে ভারতীয়দের আমেরিকায় যাওয়ার সুযোগ বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছিল, সেটিও উল্লেখ করেছেন তিনি।

চিনকে মোকাবিলার ক্ষেত্রে একটি বৃহত্তর প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বাইডেন। তাঁর পরিকল্পনায় রয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং নিউজিল্যান্ড। এই দেশগুলির সম্মিলিত অর্থনীতির পরিমাণ প্রায় ৬০ লক্ষ কোটি ডলার। অন্যদিকে চিনের অর্থনীতির আকার প্রায় ১৯ লক্ষ কোটি ডলার বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, সামরিক সহযোগিতা, প্রযুক্তিগত সমন্বয় এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে এই দেশগুলি একজোট হলে চিনের প্রভাব মোকাবিলা করা অনেক সহজ হবে।

এই প্রকল্পকে ‘অসাধারণ সরল পরিকল্পনা’ বলে অভিহিত করেছেন বাইডেন। তাঁর মতে, IMEC চালু হলে শুধু চিনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতাতেই সুবিধা হবে না, ভারত, সৌদি আরব, উপসাগরীয় দেশগুলি, জর্ডন, ওয়েস্ট ব্যাঙ্ক এবং ইজরায়েলের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি হবে। তাঁর আশা, বাণিজ্যিক যোগাযোগ বাড়লে সংশ্লিষ্ট অঞ্চলে সংঘাতের সম্ভাবনাও কমতে পারে।

তবে পরিকল্পনাটি এখনও বাস্তবায়নের পথে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইজরায়েল-সহ পশ্চিম এশিয়ায় শুরু হওয়া সংঘাতের কারণে প্রকল্পের কাজ যথেষ্ট ধাক্কা খেয়েছে। এদিকে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াডের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেছেন বাইডেন। তাঁর মতে, এই জোট দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছে।

সব মিলিয়ে, বাইডেনের স্মৃতিকথায় ভারতের গুরুত্ব নিয়ে বিশেষ বার্তা রয়েছে। চিনের উত্থান মোকাবিলা, আন্তর্জাতিক বাণিজ্য এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা—তিন ক্ষেত্রেই ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বেরও প্রতিফলন এই মূল্যায়নে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks