...
...
Next Story

Lohagad Murder Case: 'সিয়া ট্রেকিংয়ে যেতে চায়নি...,' কেতন হত্যা মামলায় বিস্ফোরক দাবি অভিযুক্তের মায়ের

Lohagad Murder Case: কেতন আগরওয়াল এবং সিয়া গোয়েলের বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের নভেম্বর মাসে, রাজস্থানের উদয়পুরে। কিন্তু বিয়ের আগেই সব শেষ হয়ে গেল এক ভয়াবহ খুনের ঘটনায়।

Published on: Jun 26, 2026, 14:00:00 IST
Advertisement

Lohagad Murder Case: মহারাষ্ট্রের লোহাগড় দুর্গের পাহাড়ি খাদে ফেলে বাগদত্তা কেতন বিশাল আগরওয়ালকে খুনের অভিযোগে নাম জড়িয়েছে ২০ বছর বয়সি সিয়া গোয়েলের। এই হত্যা মামলায় প্রায় প্রতিদিনই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর মোড়। হাড়হিম করা হত্যা পরিকল্পনার সন্দেহ করছে পুলিশ। তাহলে কী স্রেফ হবু বর পছন্দ নয় বলেই প্রাণবন্ত যুবক কেতনকে প্রাণে মেরে ফেললেন তাঁর বাগদত্তা? পাত্র অপছন্দ, তাহলে তো 'না' বলাই যেত। মেরে ফেলতে হল কেন? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এরই মধ্যে মুখ খুললেন সিয়া গোয়েলের মা ও বাবা।

লোহাগড় দুর্গ হত্যা মামলায় বিস্ফোরক দাবি অভিযুক্তের মায়ের (PTI)
লোহাগড় দুর্গ হত্যা মামলায় বিস্ফোরক দাবি অভিযুক্তের মায়ের (PTI)

সংবাদমাধ্যমের সামনে সিয়ার মা পূজা গোয়েল বলেন, 'ঘটনার আগের রাতে সিয়া ও কেতন লোহাগড় দুর্গে যাওয়া নিয়ে ভিডিও কলে কথা বলছিল, এবং যখন কেতনের মা ফোনে আসেন, সিয়া বলে যে সে ট্রেকিংয়ে যেতে চায় না... কিন্তু কেতনের মা তাঁকে যেতে বলেন। তাঁদের দুজনের মধ্যকার চ্যাটে এই সব কিছুই আছে, যেখানে সিয়া বলছে যে সে যেতে চায়নি কিন্তু কেতন তাঁকে অন্যভাবে রাজি করানোর চেষ্টা করছিল...।' কেতন আগরওয়াল এবং সিয়া গোয়েলের বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের নভেম্বর মাসে, রাজস্থানের উদয়পুরে। কিন্তু বিয়ের আগেই সব শেষ হয়ে গেল এক ভয়াবহ খুনের ঘটনায়। অভিযোগ, সিয়া তার প্রেমিক চেতন বাবুলাল চৌধুরীর সঙ্গে যোগসাজশ করে ২৬ বছর বয়সি কেতনকে লোহাগড় দুর্গ থেকে নিচে ফেলে হত্যা করেছে। প্রথমে ঘটনাটিকে ট্রেকিংয়ের সময় দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল।

সিয়ার মা দাবি করেছেন, তাঁরা চেতন বাবুলাল চৌধুরী সম্পর্কে কিছুই জানতেন না। পূজা দাবি করেছেন, বাগদানের পর থেকে সিয়া কেবল কেতনের সঙ্গেই কথা বলত, অন্য কোনও সম্পর্কের কথা তাঁদের জানা ছিল না। যদি তাদের মেয়ে দোষী সাব্যস্ত হয়, তবে যেখান থেকে কেতন আগরওয়ালকে নিচে ফেলে হত্যা করা হয়েছে, সেখান থেকেই সিয়াকে ফেলে দেওয়ার দাবি তুলেছেন তার মা। পূজা গোয়েল বলেন, 'কেতনের পরিবারের থেকে আমি এখন বেশি ব্যথিত। একটি নয়, দুটি পরিবার ধ্বংস হয়ে গেছে। যদি আমার মেয়ে দোষী হয়, তবে তাকে ঠিক ওই জায়গা থেকেই নিচে ফেলে দেওয়া হোক, যেখান থেকে কেতনকে ফেলা হয়েছিল।' পুলিশি তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, সিয়া এবং চেতন পরিকল্পিতভাবেই কেতনকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে পাহাড়ের খাদে ফেলে দেয়। বর্তমানে পুলিশ এই খুনের ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে। পরিবার এবং সমাজের চোখের সামনে এই ঘটনাটি যেমন মর্মান্তিক, তেমনি অভিযুক্তের মায়ের এই কঠোর অবস্থানও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks