...
...
Next Story

বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা? ঢাকা-গোপালগঞ্জ-গাজীপুরে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও ৪ প্লাটুন BGB সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি যাতে কোনও ভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

Published on: Nov 28, 2026, 13:15:37 IST
Advertisement

বাংলাদেশের একাধিক জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ করল প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি যাতে কোনও ভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। পরিস্থিতির উপর নজর রাখতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তি।

বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা? ঢাকা-গোপালগঞ্জ-গাজীপুরে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি (AFP)
বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা? ঢাকা-গোপালগঞ্জ-গাজীপুরে ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি (AFP)

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাহিনী মোতায়েনের কথা জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন। কোথাও যাতে বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার পক্ষে বিপজ্জনক কোনও পরিস্থিতি তৈরি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

কোথায় কত বাহিনী মোতায়েন?

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় মোতায়েন করা হয়েছে ১৭ প্লাটুন বাহিনী। গাজীপুরে রয়েছে ১৯ প্লাটুন। নারায়ণগঞ্জে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তবে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। সেখানে রয়েছে ৫৬ প্লাটুন বিজিবি।

এ ছাড়া চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে জেলা ভিত্তিক তালিকায় ১১৬ প্লাটুনের হিসাব পাওয়া যাচ্ছে। যদিও সামগ্রিক ভাবে ১২০ প্লাটুন মোতায়েনের কথা জানিয়েছে বিজিবি। আরও চার প্লাটুনকে অতিরিক্ত প্রস্তুত রাখা হয়েছে।

শুধু রাস্তায় বাহিনী নামিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে না প্রশাসন। বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রযুক্তির সাহায্যে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আধিকারিকেরা।

ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পাওয়া সরাসরি ছবি ও ভিডিও নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে। কোথাও অস্বাভাবিক জমায়েত, উত্তেজনা কিংবা বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হলে দ্রুত পদক্ষেপ করার লক্ষ্যেই এই ব্যবস্থা। আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন এলাকায় মোতায়েন বাহিনীর সঙ্গে সদর দপ্তরের যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।

বিজিবির বক্তব্য, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও তারা দায়িত্ব পালন করছে। এই কাজে পেশাদারি, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাহিনীর সদস্যদের।

সব মিলিয়ে বাংলাদেশের একাধিক জেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের এই তৎপরতা থেকে স্পষ্ট, কোনও ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার ঝুঁকি নিতে চাইছে না সরকার। বিশেষ করে গোপালগঞ্জ, ঢাকা ও গাজীপুরে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন এবং প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোয় প্রশাসনের সতর্কতা আরও স্পষ্ট হয়েছে। তবে ঠিক কোন আশঙ্কা বা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে এই বিপুল বাহিনী মোতায়েন, সে বিষয়ে বিজিবির তরফে আলাদা করে কিছু জানানো হয়নি। ফলে পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতির দিকেই নজর রয়েছে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks