...
...
Next Story

FIFA WC France Latest Update: ৩২ মিনিটে হ্যাটট্রিক দেম্বেলের, নকআউটে কাদের বিরুদ্ধে খেলতে হবে ফ্রান্সকে?

মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়লেন ফ্রান্সের উসমান দেম্বেলে। তাঁর অনবদ্য পারফরম্যান্সে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে 'আই' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

Published on: Jun 27, 2026, 08:44:54 IST
Advertisement

কেউ কেউ ফুটবল খেলেন, কেউ আবার ফুটবল দিয়ে শিল্প সৃষ্টি করেন। বোস্টনের মাঠে নরওয়ের বিপক্ষে উসমান দেম্বেলে যেন সেই দ্বিতীয় ভূমিকাতেই অবতীর্ণ হয়েছিলেন। ম্যাচের প্রথমার্ধে তাঁর গতি, ড্রিবলিং, ফিনিশিং এবং আক্রমণভাগের দাপটে কার্যত অসহায় হয়ে পড়েছিল নরওয়ের রক্ষণ। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়লেন ফরাসি এই তারকা। তাঁর অনবদ্য পারফরম্যান্সে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে 'আই' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়লেন ফ্রান্সের উসমান দেম্বেলে। (AFP)
মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়লেন ফ্রান্সের উসমান দেম্বেলে। (AFP)

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। সপ্তম মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। যদিও এক মিনিট পর থেলো অসগার্ডের গোলে নরওয়ে ব্যবধান কমায়। কিন্তু সেই আশাও বেশিক্ষণ টিকতে দেননি দেম্বেলে। ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে তিনি কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। এরপর দ্বিতীয়ার্ধে ফ্রান্স আক্রমণের ধার বজায় রাখে। যোগ করা সময়ে বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ফলে ৪-১ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে 'আই' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। শেষ ৩২ দলের নকআউট পর্বে আগামী মঙ্গলবার (ভারতীয় সময় - ১ জুলাই ভোররাত আড়াইটে) নিউ জার্সিতে মাঠে নামবে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ সুইডেন।

একই গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। ম্যাচের ১৩ মিনিটে ইরাকের রেবিন সুলাকা লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় জয় তুলে নেয় সাদিও মানের দল। যদিও তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সেনেগালের নকআউটে ওঠা নির্ভর করছে অন্য গ্রুপগুলির ফলাফলের উপর। অন্যদিকে, তিন ম্যাচেই হেরে কোনও পয়েন্ট না পেয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরাক।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe