...
...
Next Story

Messi Hugged Vozinha: 'মেসি আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন...', কিংবদন্তির আবেগঘন বার্তা ভোজিনহাকে

Messi Hugged Vozinha: ভোজিনহার কথায়, ‘আমি মেসির কাছে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন - তুমি অসাধারণ। তোমাদের দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করা উচিত... ওই কথাগুলো শুনে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’

Published on: Jul 5, 2026, 09:15:37 IST
Advertisement

Messi Hugged Vozinha: স্কোরবোর্ড বলছে, আর্জেন্টিনা ৩, কেপ ভার্দে ২। ইতিহাস লিখবে, বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোয় উঠেছে। কিন্তু এই ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্তটি তৈরি হয়েছিল শেষ বাঁশি বাজার পর, যখন আলো-ঝলমলে ক্যামেরার বাইরে এক ফুটবল সম্রাট জড়িয়ে ধরেছিলেন এক স্বপ্নযোদ্ধাকে। তিনি লিওনেল মেসি। আর যাঁকে আলিঙ্গন করেছিলেন, তিনি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে কী বলেন মেসি? (REUTERS)
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে কী বলেন মেসি? (REUTERS)

ছোট্ট আফ্রিকান দেশ কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু মাথা উঁচু করেই। শক্তিশালী আর্জেন্টিনার বিরুদ্ধে তারা লড়েছে বুক চিতিয়ে। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় প্রতীক ছিলেন ভোজিনহা। একের পর এক অবিশ্বাস্য সেভ করে তিনি বহুক্ষণ আটকে রেখেছিলেন মেসি, আলভারেসদের আক্রমণ। তিনটি গোল হজম করলেও তাঁর পারফরম্যান্স ছিল সাহস, লড়াই আর আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ।

ম্যাচ শেষ হওয়ার পর ভোজিনহা এগিয়ে যান মেসির কাছে। তারপর যা ঘটল, তা হয়তো সারাজীবন তাঁর হৃদয়ে থেকে যাবে। ভোজিনহার কথায়, ‘আমি মেসির কাছে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন - তুমি অসাধারণ। তোমাদের দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করা উচিত... ওই কথাগুলো শুনে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়ের মুখে এমন প্রশংসা যে কতটা মূল্যবান, তা লুকোননি কেপ ভার্দের অধিনায়ক। তিনি বলেন, ‘লিও মেসির মতো একজনের কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি ওঁকে শুধু বলেছিলাম, ধন্যবাদ লিও, আপনিই সেরা।’ সেই আবেগঘন মুহূর্ত আরও স্মরণীয় হয়ে ওঠে একটি ছোট্ট আবদারে। ভোজিনহা মেসিকে জিজ্ঞেস করেন, তাঁরা কি জার্সি বদল করতে পারেন? মেসিও হাসিমুখে রাজি হয়ে যান। তিনি জানান, সাক্ষাৎকার শেষ হওয়ার পর টানেলে নিজের জার্সি ভোজিনহার হাতে তুলে দেবেন।

আর্জেন্টিনা শেষ ষোলোয় পৌঁছে নতুন স্বপ্নের পথে হাঁটছে। আর কেপ ভার্দে বিদায় নিলেও রেখে গেল সাহসের এক উজ্জ্বল গল্প। সেই গল্পে যেমন আছে ছোট দেশের অসম্ভবকে সম্ভব করার চেষ্টা, তেমনই আছে এক মহাতারকার বিনয়। হয়তো বহু বছর পরে এই ম্যাচের ফল কেউ ভুলে যাবে। কিন্তু মেসির সেই আলিঙ্গন আর কয়েকটি আন্তরিক শব্দ ভোজিনহার মতোই ফুটবলপ্রেমীদের হৃদয়েও অমলিন হয়ে থাকবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe