...
...
Next Story

Bihar Assembly Election: ভাগ্যপরীক্ষায় হেভিওয়েটরা! অশান্তি মধ্যেই মিটল বিহারের প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোট কবে?

লক্ষ্মীবারেই শুরু হয় বিহারের মেগা বিধানসভা নির্বাচন।

Published on: Nov 6, 2025, 19:40:53 IST
Advertisement

উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলা থেকে বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার অভিযোগ। অশান্তির মধ্যে শেষ হল বিহারে প্রথম দফার ভোটগ্রহণ। কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, বিহারে বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনে ভোট পড়েছে মোট ৬০.১৩ শতাংশ। লক্ষ্মীবারেই শুরু হয় বিহারের মেগা বিধানসভা নির্বাচন। প্রথম দফায় বিহারের ২৪৩টি আসনের মধ্যে ১২১টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একেবারে সকাল সাতটা থেকেই শুরু হয় ভোটগ্রহণ পর্ব। চলে সন্ধ্যা ছ'টা পর্যন্ত।

হামলা-অশান্তি মধ্যেই মিটল বিহারের প্রথম দফার ভোট (Pappi Sharma)
হামলা-অশান্তি মধ্যেই মিটল বিহারের প্রথম দফার ভোট (Pappi Sharma)

এসআইআর-এর পর এই প্রথম ভোট হল বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে, প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে ৪৫ হাজার বুথে এই পর্বে ভোট হয়েছে। এই দফায় ৩.৭৫ কোটিরও বেশি ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। তারা ভাগ্য নির্ধারণ করেছেন ১৩১৪ জন প্রার্থীর। এই দফায় মোট ১০.৭২ লক্ষ নতুন ভোটার, যাঁদের মধ্যে ৭.৭৮ লক্ষ তরুণ ভোটার (১৮–১৯ বছর বয়সি)। এই আসনগুলির মোট জনসংখ্যা প্রায় ৬.৬ কোটি।

বিহারে প্রথম দফার ভোটগ্রহণ

১. বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে পাটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্‌ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। এরমধ্যে মধ্য বিহারের জেলাগুলিতে আরজেডির ভাল প্রভাব রয়েছে। প্রথম পর্বের ভোটের ১২১ আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছ প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির। ১১৮টি আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল। এনডিএর অন্দরে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জেডিইউ। ৫৭ আসনে লড়েছে নীতীশের দল। বিজেপি লড়েছে ৪৮ আসনে। চিরাগ পাসওয়ানের দল প্রতিদ্বন্ধিতা করেছে ১৩ আসনে।

৩. বৃহস্পতিবার শাসক-বিরোধী একাধিক হেভিওয়েট প্রার্থীর অগ্নিপরীক্ষা ছিল। এই দফায় মাঠে নেমেছেন নীতীশ কুমার সরকারের মোট ১৫ মন্ত্রী। যার মধ্যে রয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (তারাপুর আসন) এবং বিজয় কুমার সিনহা (লক্ষ্মীসরাই আসন)। আলিনগর থেকে বিজেপির হয়ে লড়ছেন গায়িকা মৈথিলি ঠাকুর। মোকামা থেকে জেডিইউ টিকিটে লড়ছেন ‘বাহুবলী’ প্রাক্তন এমএলএ অনন্ত সিং। জন সুরাজ পার্টির সমর্থক দুলারচাঁদ যাদবকে খুন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

৪. এদিন বিহারে ভাগ্যপরীক্ষা ছিল মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের। রাঘোপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। এই আসনটিকে তাঁর পরিবারের গড়। এখানে তাঁর বাবা-মা লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীও আগে প্রতিনিধিত্ব করেছেন। টানা তৃতীয়বার এই আসন জেতা তেজস্বীর জন্য একরকম প্রেস্টিজ ফাইট। অন্যদিকে, তারাপুর কেন্দ্রে আরজেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহা। এছাড়াও মহুয়া কেন্দ্রে লড়ছেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। তাঁর নতুন রাজনৈতিক দল 'জনশক্তি জনতা দল'-এর প্রার্থী হিসেবে এই কেন্দ্রে লড়ছেন। পারিবারিক বিভেদ এবং নতুন দলের প্রভাব এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ। এদিকে, অভিনেতা খেসারীলাল যাদব আরজেডির হয়ে লড়াই করেছেন ছপরায়।

৫. এনডিএ জোটের জয় নিশ্চিত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে মোদী জানিয়েছেন, 'আজ বিহারে গণতন্ত্র উদযাপনের প্রথম পর্ব। আমি বিধানসভা নির্বাচনের এই পর্বে সমস্ত ভোটারদের পূর্ণ উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এই উপলক্ষে, রাজ্যের আমার সমস্ত তরুণ বন্ধুদের যারা প্রথমবার ভোট দিতে চলেছেন তাঁদের আমার বিশেষ অভিনন্দন। মনে রাখবেন - আগে ভোট, তারপর জলখাবার!' অন্যদিকে, প্রধানমন্ত্রীর স্বাভাবিক ভাবেই নিজের দল নিয়ে আশাবাদী লালু-পুত্র তেজস্বী যাদবও। এদিন নিজের ভোট কেন্দ্রে থেকে ভোট দিয়ে বেরিয়ে আরজেডি'র জয় নিশ্চিত জানিয়ে মন্তব্য করেছেন তিনি।

৬. বিহারে প্রথম দফার ভোটগ্রহণের মধ্যেই উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ উঠল। একই সঙ্গে একদল জনতা ‘খুনি’…’মুর্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকে। তবে দমবার পাত্র নন বিজেপি নেতা বিজয় কুমার সিনহা। তিনি বলেন, 'এরা সব আরজেডির গুন্ডা। ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে। তাই গুন্ডামি করছে।' তিনি হুঁশিয়ারি দেন, ক্ষমতায় এসে 'এদের বুকের উপর বুলডোজার চালাব।' উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেন, 'আমার পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। লোকজনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।'

৭. আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। যাতে করে ভোটপ্রক্রিয়াকে স্লথ করে দেওয়া যায়। যদিও আরজেডির এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

৯. এদিন ভোট চলাকালীনই বিহারে পশ্চিম চম্পারণে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে দেখেই ভিড়ের মাঝে ওঠে ‘যোগী যোগী’ ধ্বনি। অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই বলেন, 'আজ বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। এনডিএ-র পক্ষে পরিবেশ অত্যন্ত ভাল। বিহারের মানুষ কংগ্রেস ও আরজেডি-দু’টি দলের সরকারই দেখেছেন। এখন বিশ্বাস এনডিএ-র প্রতি। এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে এবং আমাদের সরকারই বিহারে আসছে।'

১০. নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটগ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়ে ১৩.১৩ শতাংশ। এরপর সকাল ১১টা পর্যন্ত বিহারে প্রথম দফায় ভোট পড়ে ২৭.৬৫ শতাংশ। বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সিইও দফতর প্রদত্ত সর্বশেষ আপডেট অনুযায়ী, দুপুর ৩টে অবধি ভোট পড়়েছে মোট ৫৩.৭৭ শতাংশ। কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, বিকাল ৫টা পর্যন্ত প্রথম দিনে ভোট পড়ে মোট ৬০.১৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে মিনাপুরে। সেখানে মোট ভোট প্রদানের হার ৭৩ শতাংশ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe