...
...
Next Story

Microsoft Outage: মাইক্রোসফট বিভ্রাটে দিল্লিতে বাতিল তিনটি বিমান, দেরিতে উড়ল দু’টি, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

Microsoft Outage: এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের পরিস্থিতির উপর তারা নজর রাখছে। তবে তাদের বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি।

Published on: Nov 13, 2026, 19:00:21 IST
Advertisement

Microsoft Outage: প্রযুক্তিগত বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে মাইক্রোসফটের পরিষেবা। তার প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পাইসজেটের তিনটি উড়ান বাতিল করা হয়েছে। দেরিতে চলেছে আরও দু’টি উড়ান। অন্য বিমানসংস্থাগুলির তরফে এখনও পর্যন্ত কোনও বিঘ্নের খবর পাওয়া না গেলেও, তারা ভ্রমণের আগে যাত্রীদের নিজ নিজ উড়ানের বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে। ফলে বিমানযাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

মাইক্রোসফট বিভ্রাটে দিল্লিতে বাতিল তিনটি বিমান, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের (সৌজন্যে এক্স )
মাইক্রোসফট বিভ্রাটে দিল্লিতে বাতিল তিনটি বিমান, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের (সৌজন্যে এক্স )

স্পাইসজেট মারফত জানা গিয়েছে, বাতিল হওয়া তিনটি উড়ানের মধ্যে রয়েছে দিল্লি-পুণে, দিল্লি-লেহ এবং দিল্লি-মুম্বই রুটের বিমান। এছাড়াও দিল্লি-দারভাঙা এবং দিল্লি-মুম্বই রুটের আরও দুটি উড়ান দেরিতে ছেড়েছে। এই বিলম্বের কারণ হিসেবে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিভ্রাটকেই দায়ী করা হয়েছে। এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের পরিস্থিতির উপর তারা নজর রাখছে। তবে তাদের বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি। সংস্থার যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। যাত্রীদের ইমেল যাতে নির্বিঘ্নে পৌঁছয়, তার জন্য সাময়িকভাবে ইমেল পরিষেবার রুট পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই ইমেলের উত্তর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

অন্যদিকে, মাইক্রোসফটের এই গোলযোগের জেরে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ইন্ডিগোর যাত্রীরা। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের ইমেল সাপোর্ট পরিষেবা বর্তমানে ব্যাহত হয়েছে এবং গ্রাহকদের পাঠানো ইমেলগুলি সংস্থার কাছে না-ও পৌঁছাতে পারে। জরুরি সাহায্যের প্রয়োজন হলে যাত্রীদের বিমান সংস্থার ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ‘সিক্স-ই স্কাই’ (6E Skai)-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অন্যান্য সাপোর্ট চ্যানেলগুলি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো। আকাসা এয়ারও জানিয়েছে, তাদের ইমেলের উত্তর দিতে দেরি হতে পারে। জরুরি প্রয়োজনে বিকল্প যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks