...
...
Next Story

Flydubai NIA Probe Latest Update: ফ্লাইদুবাই কাণ্ডের তদন্তে UAE যাবে NIA! জেরা করা হবে কোপাইলটকে?

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ উড়ানে ভয়াবহ ঘটনাটি ঘটে। দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। অভিযোগ, মাঝ আকাশে বিমানের সহচালক হামাম আল-হাম্মামি ককপিটে থাকা দুর্ঘটনা মোকাবিলার কুড়ুল দিয়ে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর হামলা চালান। তাঁর মাথা ও হাতে গভীর ক্ষত হয়।

Published on: Oct 14, 2026, 08:37:19 IST
Advertisement

দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা এবং বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তদন্ত আরও গভীরে নিয়ে যেতে চাইছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই ঘটনায় তদন্তের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে একটি দল পাঠানোর অনুমতি চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেখানে আহত ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের বয়ান রেকর্ড করার পাশাপাশি স্থানীয় তদন্তকারীদের সঙ্গেও কথা বলতে চান এনআইএ আধিকারিকেরা। অভিযুক্ত ওমানের সহচালক হামাম আল-হাম্মামিকে জেরা করার সুযোগও চাইতে পারে তারা। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কেন এনআইএর তদন্ত

ফ্লাইদুবাই কাণ্ডের তদন্তে UAE যাবে NIA! জেরা করা হবে কোপাইলটকে? (REUTERS)
ফ্লাইদুবাই কাণ্ডের তদন্তে UAE যাবে NIA! জেরা করা হবে কোপাইলটকে? (REUTERS)

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ উড়ানে ভয়াবহ ঘটনাটি ঘটে। দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। অভিযোগ, মাঝ আকাশে বিমানের সহচালক হামাম আল-হাম্মামি ককপিটে থাকা দুর্ঘটনা মোকাবিলার কুড়ুল দিয়ে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর হামলা চালান। তাঁর মাথা ও হাতে গভীর ক্ষত হয়। বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত, এমনই সন্দেহ তদন্তকারীদের।

সংযুক্ত আরব আমিরশাহির তদন্তকারীদের দাবি, বিমানটিকে ছিনতাই করে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আছড়ে ফেলার পরিকল্পনা ছিল অভিযুক্তের। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি। গুরুতর আহত অবস্থাতেও স্মিত ককপিটের দরজা খুলে দেন। তার পরে যাত্রী ও বিমানের কর্মীরা একসঙ্গে অভিযুক্তকে কাবু করেন। বিমানে থাকা বিকল্প উড়ানকর্মীরা দায়িত্ব নিয়ে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। ওই বিমানে ১৭৪ জন ছিলেন। তাঁদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করা হয়।

এনআইএ ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে। গত শুক্রবার দায়ের করা এফআইআরে বিমান ছিনতাই বিরোধী আইন, ২০১৬ এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। এক ভারতীয় নাগরিকের উপর হামলা এবং বিমান ছিনতাই বা সেটিকে ভেঙে ফেলার সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়টি মাথায় রেখেই বৃহত্তর ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে চাইছে সংস্থা।

কী ছিল অভিযুক্তের পরিকল্পনা

সংযুক্ত আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেল হামাদ সইফ আল-শামসির বক্তব্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময়ে উগ্রপন্থী ভাবনায় প্রভাবিত হয়েছিলেন হামাম। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলা থেকেও তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন বলে অভিযোগ। বিমান ছিনতাই করে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের টার্মিনালে আঘাত হানাই ছিল তাঁর লক্ষ্য, এমনটাই দাবি তদন্তকারীদের। অভিযুক্তের পরিকল্পনা, তাঁর অতীত এবং সম্ভাব্য অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখাই এখন তদন্তের অন্যতম প্রধান লক্ষ্য।

এই ঘটনায় পাইলট স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন দেশের নেতারা। ইজরায়েলও তাঁকে বীরত্বের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আপাতত সংযুক্ত আরব আমিরশাহির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মিত। তাঁর বয়ান এবং অভিযুক্তকে জেরা করার সুযোগ পেলে ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks