...
...
Next Story

আমেরিকায় ট্রাম্পের দল হারতেই দালাল স্ট্রিটে এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, ২৪০০০ পার করল নিফটি

বৃহস্পতিবার, ৫ নভেম্বর সকাল থেকেই সেনসেক্স ও নিফটিতে দেখা গেল ব্যাপক উত্থান। এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট বেড়ে গেল সেনসেক্স। অন্য দিকে, ২৪০০০-র গণ্ডি পার করল নিফটি ৫০। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং আমেরিকা-ইরান সংঘাতের অবসানের সম্ভাবনাই বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Published on: Nov 5, 2026, 10:46:03 IST
Advertisement

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বড় ধাক্কা। আর তার পরেই চাঙ্গা হয়ে উঠল ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার, ৫ নভেম্বর সকাল থেকেই সেনসেক্স ও নিফটিতে দেখা গেল ব্যাপক উত্থান। এক ধাক্কায় প্রায় ১৫০০ পয়েন্ট বেড়ে গেল সেনসেক্স। অন্য দিকে, ২৪ হাজারের গণ্ডি পার করল নিফটি ৫০। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং আমেরিকা-ইরান সংঘাতের অবসানের সম্ভাবনাই বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফলে বাজারে বাড়ল কেনাকাটার প্রবণতা। শুধু ভারত নয়, আমেরিকার বাজারেও নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে বড়সড় উত্থান।

এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট বেড়ে গেল সেনসেক্স (REUTERS)
এক ধাক্কায় ১৫০০ পয়েন্ট বেড়ে গেল সেনসেক্স (REUTERS)

বৃহস্পতিবার লেনদেন শুরু হতেই সেনসেক্স প্রায় ১৩০০ পয়েন্ট বেড়ে যায়। নিফটিও ৩৫০ পয়েন্টের বেশি উত্থান নিয়ে যাত্রা শুরু করে। বাজারের এই ইতিবাচক হাওয়ায় শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। বুধবার ডলারের তুলনায় ৯৪.৬৫ টাকায় বন্ধ হয়েছিল ভারতীয় মুদ্রা। বৃহস্পতিবার সকালে তা ২৯ পয়সা বেড়ে ৯৪.৩৬ টাকায় পৌঁছয়।

কেন চড়ছে বাজার?

এই উত্থানের পিছনে সবচেয়ে বড় কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া। বুধবার এক ধাক্কায় ব্রেন্ট ক্রুডের দাম ৮.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৬২ ডলারে নেমেছিল। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দামও ৮.৩ শতাংশ কমে ৮৮.১২ ডলারে পৌঁছয়। বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্টের দাম আরও কমে ৯৩.৫০ ডলারের কাছাকাছি চলে আসে।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বাজারে ধারণা তৈরি হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ বাড়বে। কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় যুদ্ধের খরচ এবং সামরিক অভিযানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সংঘাত মেটার সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীদের একাংশ। অবশ্য এখনও কোনও চূড়ান্ত শান্তিচুক্তি হয়নি।

আমেরিকার বাজারেও বড় উত্থান

ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীদের ফিরে আসাও এই উত্থানের অন্যতম কারণ। বুধবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ৭২৮৪ কোটি টাকার শেয়ার কিনেছেন। টানা চারটি সেশনে বিদেশি বিনিয়োগকারীদের নিট কেনাকাটা বাজারের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বৃহস্পতিবার নিফটি ৫০-এর প্রথম সারির লাভজনক সংস্থাগুলির মধ্যে রয়েছে শ্রীরাম ফিনান্স, ইন্টারগ্লোব এভিয়েশন এবং এশিয়ান পেন্টস। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকেও ১ শতাংশের বেশি উত্থান হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম কমলে ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশের জন্য বড় সুবিধা হতে পারে। আমদানি খরচ কমার পাশাপাশি মুদ্রাস্ফীতির চাপও কিছুটা কমতে পারে। শক্তিশালী হতে পারে টাকা। তবে ইরান যুদ্ধের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতিবিধির উপর নজর রাখতে হবে। ফলে বৃহস্পতিবারের এই উত্থান বিনিয়োগকারীদের মনে স্বস্তি ফেরালেও আগামী দিনে বাজারের গতিপথ নির্ভর করবে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির উপর।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks