পাকিস্তানের সঙ্গে সদ্য তুরস্ক, সৌদি আরবের এক প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিভিন্ন মহলে চর্চার মাঝে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান। তিনি মনে করছেন, আগামী দিনেও পাকিস্তান, ভারতের জন্য নিরাপত্তা সংক্রান্ত হুমকি হতে পারে। শনিবার জিবি পান্ত মেমোরিয়াল লেকচারে অংশ নেন অনিল চৌহান। সেখানেই তিনি, পাকিস্তান নিয়ে মুখ খোলেন।

‘ভারতের নিরাপত্তার প্রতি হুমকি ও চ্যালেঞ্জ’ বিষয়ক জিবি পান্ত স্মারক বক্তৃতা প্রদানের সময় প্রাক্তন সিডিএস বলেন, ‘অপারেশন সিঁদুর’, সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা এবং কিছু বাস্তব পদক্ষেপের ফলে আশা করা যায় পাকিস্তানের আচরণে পরিবর্তন আসবে বা তা আচরণগত পরিবর্তন ঘটাতে সহায়তা করবে। এদিকে, অপারেশন সিঁদুরের পর এবার সৌদি আরব ও তুরস্কের সঙ্গে জোট বেঁধে পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি মক্কা প্যাক্টে শামিল হয়েছে। সেই বিষয়ে কথা বলতে গিয়ে চৌহান বলেন,‘আমরা তাদের সাম্প্রতিক কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের বিষয়টিও লক্ষ্য করেছি। আমার মনে হয়, এর ফলে কখনও কখনও পাকিস্তানে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস (ওভারকনফিডেন্স) তৈরি হতে পারে এবং তারা আবারও কোনও ভুল হিসাব-নিকাশ (মিসক্যালকুলেশন) করে বসতে পারে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’ উল্লেখ্য, মক্কা প্যাক্টের উদ্দেশ্য হল, চুক্তিতে আবদ্ধ তিন দেশের মধ্যে কোনও একটি দেশে যদি হামলা হয়, তাহলে তা বাকি দুই দেশে হামলার শামিল বলে ধরে নেওয়া হবে। সিডিএস বলেন, ‘ভারতের বাহ্যিক নিরাপত্তা-ঝুঁকির বিষয়টি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল: অমীমাংসিত সীমান্ত... আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, রাষ্ট্র-বহির্ভূত শক্তি (নন-স্টেট অ্যাক্টরস), ‘গ্লোবাল কমন্স’ বা বৈশ্বিক সম্পদ হিসেবে পরিচিত বিতর্কিত অঞ্চলসমূহ এবং সেই সঙ্গে মহাকাশ, সাইবার ও সমুদ্রসীমা,এই ক্ষেত্রগুলোতে ক্রমবর্ধমান সহযোগিতা ও প্রতিযোগিতা। এসব বিষয় একে অপরের সঙ্গে সম্পর্কিত’। তিনি আরও বলেন যে, এই বিষয়গুলি কোনওটিই কারোর থেকে বিচ্ছিন্ন নয়। ভারতের নিরাপত্তা ঝুঁকি হিসাবে পাকিস্তানকে ঘিরে কতটা আশঙ্কা রয়েছে, সেই প্রশ্নের জবাবে জেনারেল চৌহান বলেন, ‘আমাদের পশ্চিমের প্রতিবেশীর বিষয়ে ..আমার ধারণা, আগামী দিনগুলোতেও পাকিস্তান একটি বড় নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের বিষয় এবং হুমকি হিসেবেই থেকে যাবে।’