Tripura BSF jawans attacked: গত ২ নভেম্বর ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় দুই বিএসএফ জওয়ানের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম)-এর পলিটব্যুরো প্রাক্তন সদস্য মানিক সরকার। তাঁর কথায়, কোনও পরিস্থিতিতেই হিংসাকে সমর্থন করা যায় না।

ঘটনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মানিক সরকার জানান, বিএসএফের জওয়ানদের সঙ্গে অবৈধভাবে সীমান্ত পারাপারের কাজে যুক্ত থাকার সন্দেহে এক ব্যক্তির বচসা থেকেই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করার সময় বিএসএফ সদস্যরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এতে তিনি আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। সেই সময় অন্য একটি গাড়িতে যাতায়াতকারী বিএসএফের দুই জওয়ানকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। মানিক সরকার উল্লেখ করেন, ওই দুই জওয়ানের সঙ্গে প্রথম ঘটনার কোনও সম্পর্ক ছিল না এবং আগের ঘটনাটি সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না বলে জানা যাচ্ছে।
বিএসএফ জওয়ানদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সিপিআই(এম) নেতা বলেন, কোনও পরিস্থিতিতেই হিংসাকে সমর্থন করা যায় না। বিএসএফের কোনও জওয়ানের আচরণে কেউ ক্ষুব্ধ বা অসন্তুষ্ট হলে তাঁর উচিত ছিল পুলিশের কাছে অভিযোগ জানিয়ে আইনি পথে প্রতিকার চাওয়া। আইন নিজের হাতে তুলে নিয়ে শারীরিক হামলা চালানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি, এই ঘটনায় প্রায় ১০ জনকে গ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই থেকে তিনজন মহিলা রয়েছেন বলেও জানা গেছে। ধৃতদের চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন মানিক সরকার। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও ধারাবাহিকতা সামনে আনতে প্রতিটি দিক খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি। পাশাপাশি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণের ভিত্তিতে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।