...
...
Next Story

Goldman Sachs: এআই মুছে দেবে মিডল ম্যানেজমেন্ট! চাকরির ভবিষ্যৎ নিয়ে বিরাট সতর্কবার্তা গোল্ডম্যান শ্যাক্স-র

Goldman Sachs: তরুণ প্রজন্মের জন্য বিষয়টিকে সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন কেভিন স্নেডার। তাঁর মতে, এর সুবিধা কেবল ব্যাঙ্কিং চাকরির মধ্যেই সীমাবদ্ধ নয়।

Published on: Oct 8, 2026, 15:14:42 IST
Advertisement

Goldman Sachs: আর্থিক লেনদেন ও ব্যাঙ্কিং ক্ষেত্রে নবীন কর্মীদের আর ম্যানেজার হতে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই তারা পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এজেন্টদের। কিন্তু এর ফলে বর্তমান মধ্যবর্তী স্তরের ম্যানেজারদের (মিডল ম্যানেজার) ভবিষ্যৎ ঠিক কী হবে—সেই বড়সড় প্রশ্নটিই তুলে ধরলেন শীর্ষ মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs) গ্রুপ ইনকর্পোরেটেডের শীর্ষ আধিকারিক কেভিন স্নেডার।

চাকরির ভবিষ্যৎ নিয়ে বিরাট সতর্কবার্তা গোল্ডম্যান শ্যাক্স-র
চাকরির ভবিষ্যৎ নিয়ে বিরাট সতর্কবার্তা গোল্ডম্যান শ্যাক্স-র

সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'মিলকেন ইনস্টিটিউট এশিয়া সামিট'-এ বৃহস্পতিবার গোল্ডম্যান শ্যাক্স-র জাপান-বহির্ভূত এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান কেভিন স্নেডার বলেন, 'আজকাল যখন তরুণ প্রজন্ম চাকরিতে যোগ দিচ্ছে, তখন থেকেই তারা এআই এজেন্টদের পরিচালনা করছে। তাদের হাতে যে এই 'ভার্চুয়াল সৈন্যদল' তুলে দেওয়া হয়েছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করাটাই তাদের মূল কাজ।' তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রজন্মের কর্মীদের কাউকে পরিচালনা বা ম্যানেজ করার জায়গায় পৌঁছাতে বছরের পর বছর সময় লেগে যেত। ফলে বর্তমানের এই মিডল ম্যানেজারদের নতুন ভূমিকায় পুনর্বাসিত করাটাই একাধিক ক্ষেত্রে সবচেয়ে বড় 'প্রজন্মগত চ্যালেঞ্জ' হয়ে দাঁড়াবে।

ঐতিহ্যগতভাবে ব্যাঙ্কিং ক্ষেত্রে জুনিয়র কর্মীরা দীর্ঘ সময় ধরে ডেটা বিশ্লেষণ এবং প্রস্তুতির কাজ করতেন এবং ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ম্যানেজমেন্টের জায়গায় যেতেন। স্নেডারের বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সেই চিরাচরিত পেশাগত পথকে আমূল বদলে দিচ্ছে। প্রযুক্তি আসার কারণে হাজার হাজার মানুষের চাকরি চলে যাওয়া নিয়ে উদ্বেগের চেয়েও আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল কীভাবে কাজের প্রকৃতি ও পদগুলির রূপরেখা বদলে যাচ্ছে। তা সত্ত্বেও গোটা আর্থিক ব্যবস্থা জুড়েই এআই-এর প্রভাবে কাজের ধারা পুরোপুরি ওলটপালট হতে চলেছে। গোল্ডম্যান শ্যাক্স-র প্রেসিডেন্ট জন ওয়ালড্রন—যাঁকে সংস্থার পরবর্তী শীর্ষ নেতা হিসেবে দেখা হয়—ইতিমধ্যেই তাঁর সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমকে স্বয়ংক্রিয়করণের (অটোমেশন) উপযোগী এক 'হিউম্যান অ্যাসেম্বলি লাইন' হিসেবে বর্ণনা করেছেন।

সিঙ্গাপুরের কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রক সংস্থাও একই রূপান্তর প্রত্যক্ষ করছে। ওই আলোচনা চক্রেই অংশ নিয়ে মনিটারি অথরিটি অব সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর চিয়া ডের জিউন বলেন, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের এআই এজেন্টদের তত্ত্বাবধায়ক ও ম্যানেজার হয়ে উঠতে হবে। পাশাপাশি বিশ্লেষণ ও নথিপত্র তৈরির কাজের জন্য ব্যাঙ্কগুলিতে ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাহিদাও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই পরিবর্তনের জন্য সিঙ্গাপুর আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে চিয়া জানান, ব্যাঙ্ক কর্মীদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে, যাতে নতুন স্নাতকরা ভবিষ্যতের এই পরিবর্তিত কর্মজগতের জন্য প্রস্তুত হয়ে বের হতে পারেন।

তবে তরুণ প্রজন্মের জন্য বিষয়টিকে সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন কেভিন স্নেডার। তাঁর মতে, এর সুবিধা কেবল ব্যাঙ্কিং চাকরির মধ্যেই সীমাবদ্ধ নয়।স্নেডার বলেন, 'উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হয়ে নতুন কিছু তৈরি করার জন্য বর্তমান সময়ের চেয়ে সেরা সুযোগ আগে কখনও আসেনি।' নতুন ব্যবসা শুরু করার জন্য এখন অনেক কম সম্পদ ও পরিকাঠামোর প্রয়োজন হয় উল্লেখ করে তিনি বলেন, 'এটি ভবিষ্যতের এক অত্যন্ত রোমাঞ্চকর দিক; অথচ আমরা হয়তো অতীতের পুরনো পৃথিবী নিয়ে অহেতুক অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করছি।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks