...
...
Next Story

CJP on Delimitation: ‘দেশের নির্বাচনী মানচিত্র ঠিক করবেন জ্ঞানেশ কুমার!’ ডিলিমিটেশন নিয়ে প্রশ্ন তুলল CJP

কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন সংক্রান্ত নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রস্তাব সামনে আসতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ককরোচ জনতা পার্টির (CJP) আশুতোষ রাঙ্কা।

Published on: Nov 28, 2026, 11:17:58 IST
Advertisement

৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন। মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন সংক্রান্ত নতুন বিল আনার প্রস্তুতি কেন্দ্রের। তার আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সম্ভাব্য ভূমিকা নিয়ে সরব ককরোচ জনতা পার্টির আশুতোষ রাঙ্কা।

‘দেশের নির্বাচনী মানচিত্র ঠিক করবেন জ্ঞানেশ কুমার!’ ডিলিমিটেশন নিয়ে প্রশ্ন তুলল CJP (REUTERS)
‘দেশের নির্বাচনী মানচিত্র ঠিক করবেন জ্ঞানেশ কুমার!’ ডিলিমিটেশন নিয়ে প্রশ্ন তুলল CJP (REUTERS)

দেশের নির্বাচনী মানচিত্র কি নতুন করে সাজানো হতে চলেছে? সংসদের বিশেষ অধিবেশনের আগে এই প্রশ্ন ঘিরেই উত্তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি। কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন সংক্রান্ত নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রস্তাব সামনে আসতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ককরোচ জনতা পার্টির (CJP) আশুতোষ রাঙ্কা। তাঁর বক্তব্য, প্রস্তাবিত বিল সংসদে পাশ হলে দেশের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন জ্ঞানেশ কুমার। এই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েই কটাক্ষ করেছেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করেন রাঙ্কা। সেখানে তাঁর প্রশ্ন, परिसীমন বিল পাশ হলে জ্ঞানেশ কুমার গোটা দেশের নির্বাচনী সীমানা নতুন করে নির্ধারণের প্রক্রিয়ার অংশ হবেন। এই অবস্থায় সেই প্রক্রিয়াকে কতটা নিরপেক্ষ বলা যাবে? তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। সেই আবহেই ডিলিমিটেশন নিয়ে জ্ঞানেশ কুমারের সম্ভাব্য দায়িত্বকে কেন্দ্র করে আপত্তি তুলেছেন রাঙ্কা।

প্রস্তাব অনুযায়ী, লোকসভা ও বিধানসভা আসনের পুনর্বিন্যাসের দায়িত্বও থাকবে এই কমিশনের উপর। প্রয়োজনে রাজ্যগুলির সাংসদ ও বিধায়কদের সহযোগী সদস্য হিসাবে যুক্ত করার কথা বলা হয়েছে। তবে তাঁদের কমিশনের সিদ্ধান্তে ভোট দেওয়া কিংবা সিদ্ধান্তে সই করার অধিকার থাকবে না।

কেন বিতর্কে ডিলিমিটেশন?

পরিসীমন বলতে জনসংখ্যা ও নির্দিষ্ট কিছু মাপকাঠির ভিত্তিতে নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণ করাকে বোঝায়। এর উদ্দেশ্য ভোটারদের প্রতিনিধিত্বে ভারসাম্য আনা। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মতবিরোধ রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বণ্টন হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলির সংসদে প্রতিনিধিত্ব কমে যেতে পারে। অন্যদিকে, বেশি জনসংখ্যার রাজ্যগুলির আসন সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত এপ্রিলেও परिसীমন ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত একাধিক বিল সংসদে এনেছিল কেন্দ্র। কিন্তু সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রস্তাবটি পাশ হয়নি। এবার নতুন প্রস্তাবে লোকসভা ও রাজ্য বিধানসভায় আসন সংখ্যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে। লোকসভার আসন সর্বোচ্চ ৮৫০ এবং বিধানসভার আসন সর্বোচ্চ ৬৫০ করার প্রস্তাবও রয়েছে। ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহার করে ডিলিমিটেশন করার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে লোকসভা আসনের অনুপাত বজায় রাখার প্রস্তাব রাখা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। ২ ডিসেম্বর থেকে রাজ্যসভার বৈঠক হওয়ার কথা। এই অধিবেশনেই নতুন বিলগুলি নিয়ে আলোচনা এগোতে পারে। ফলে মহিলা সংরক্ষণের পাশাপাশি ডিলিমিটেশন কমিশনের গঠন, জ্ঞানেশ কুমারের ভূমিকা এবং রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব- সবকিছু নিয়েই সংসদের ভিতরে ও বাইরে বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks