...
...
Next Story

Hasina Latest Update: হাসিনার পাসপোর্টের আবেদনে জাল সই! লন্ডনের ল' ফার্মের বিরুদ্ধে বিস্ফোরক তারেকের রাজনৈতিক সহকারীর

শুক্রবার, ২০ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রাশেদ খান দাবি করেন, শেখ হাসিনার পুরনো পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো অনুমতিপত্রের স্বাক্ষরের কোনও মিল নেই। তাঁর বক্তব্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি নথিপত্রে সাধারণত বাংলাতেই স্বাক্ষর করতেন।

Published on: Nov 21, 2026, 08:27:47 IST
Advertisement

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (NID) পাওয়ার আবেদন ঘিরে এবার বড়সড় বিতর্ক তৈরি হল। তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য বাংলাদেশের নয়াদিল্লির হাইকমিশনে যে অনুমতিপত্র জমা দেওয়া হয়েছে, তাতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর নিশানায় লন্ডনভিত্তিক আইনজীবীদের সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স (Matrix Chambers)। অভিযোগ প্রকাশ্যে আসতেই বাংলাদেশে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

হাসিনার পাসপোর্টের আবেদনে জাল সই! লন্ডনের ল' ফার্মের বিরুদ্ধে বিস্ফোরক তারেকের রাজনৈতিক সহকারীর (HT_PRINT)
হাসিনার পাসপোর্টের আবেদনে জাল সই! লন্ডনের ল' ফার্মের বিরুদ্ধে বিস্ফোরক তারেকের রাজনৈতিক সহকারীর (HT_PRINT)

শুক্রবার, ২০ নভেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রাশেদ খান দাবি করেন, শেখ হাসিনার পুরনো পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো অনুমতিপত্রের স্বাক্ষরের কোনও মিল নেই। তাঁর বক্তব্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি নথিপত্রে সাধারণত বাংলাতেই স্বাক্ষর করতেন। অথচ নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া নথিতে ইংরেজিতে স্বাক্ষর করা হয়েছে। এই অসংগতিকেই স্বাক্ষর জালিয়াতির প্রমাণ বলে দাবি করেছেন তিনি।

রাশেদ খানের আরও দাবি, এই বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। নথি যাচাই করার পর স্বাক্ষরের জালিয়াতির প্রমাণ পাওয়া গিয়েছে বলে ওই আধিকারিক তাঁকে জানিয়েছেন। তাঁর প্রশ্ন, শেখ হাসিনার হয়ে আইনি লড়াই করার দায়িত্ব নেওয়ার আগে ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা কেন তাঁর স্বাক্ষরের ধরন সম্পর্কে নিশ্চিত হলেন না? একজন ব্যক্তির সরকারি নথিতে স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে অন্য স্বাক্ষরের অমিল থাকলে তা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

এরপর গত বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পাওলস ফের বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি পাঠান। আগের আবেদনের অগ্রগতি জানতে চেয়ে দ্রুত জবাব দেওয়ার অনুরোধ করেন তিনি। হাইকমিশনের পক্ষ থেকে শেখ হাসিনার হয়ে কাজ করার অনুমতিপত্র চাওয়া হয়েছিল। তাই এবার তাঁর স্বাক্ষরিত অনুমতিপত্র বা সার্টিফিকেশন সংযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই নথির স্বাক্ষর নিয়েই বিতর্ক শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সেই লক্ষ্যেই নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করা হয়েছিল।

তবে এই স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে ম্যাট্রিক্স চেম্বার্সের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ফলে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই হওয়া বাকি। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি এখন প্রশ্ন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কি আরও জটিল হয়ে উঠবে?

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks