...
...
Next Story

Nations League Match: গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে দু’বার থমকাল আয়ারল্যান্ড-অস্ট্রিয়া নেশন্স লিগ ম্যাচ, মাঠে তুমুল উত্তেজনা

Nations League Match: বৃহস্পতিবার মাঠের লড়াইও ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আইরিশরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অস্ট্রিয়া। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

Published on: Oct 2, 2026, 13:47:33 IST
Advertisement

Nations League Match: ইজরায়েলের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ বয়কটের দাবিতে আয়ারল্যান্ডে চলমান প্রতিবাদের প্রভাব পড়েছে মাঠেও। নেশন্স লিগে বৃহস্পতিবার আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ার ম্যাচ বিঘ্নিত হলো দুই দফায়। ম্যাচের সময় তখন ১৯ মিনিট। হুট করেই মাঠে উড়ে আসতে থাকল টেনিস বল। ভালো করে খেয়াল করে বোঝা গেল, বলগুলোয় সাঁটানো আছে প্যালেস্টাইনের পতাকা আঁকা স্টিকার! গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকেই মাঠে ছুড়ে মারা হলো সেই টেনিস বলগুলি। থমকে যায় খেলা। প্রায় চার মিনিট বন্ধ থাকার পর ম্যাচ আবার শুরু হয়। ৩৫ মিনিটে আবার থমকে যায় খেলা। এক ব্যক্তি বিপরীত দিক থেকে মাঠে দৌড়ে আসেন। তার হাতে একটি পতাকা ছিল এবং সেটি প্যালেস্টাইনের পতাকা ছিল বলে মনে হচ্ছিল। তবে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে মাঠ থেকে বের করে নিয়ে যায়। যার জেরে ম্যাচটি ফের কিছুক্ষণের জন্য বাধাগ্রস্ত হয়।

গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে দু’বার থমকাল আয়ারল্যান্ড-অস্ট্রিয়া নেশন্স লিগ ম্যাচ, মাঠে তুমুল উত্তেজনা (সৌজন্যে এক্স )
গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে দু’বার থমকাল আয়ারল্যান্ড-অস্ট্রিয়া নেশন্স লিগ ম্যাচ, মাঠে তুমুল উত্তেজনা (সৌজন্যে এক্স )

বৃহস্পতিবার মাঠের লড়াইও ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল আইরিশরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অস্ট্রিয়া। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। তবে মাঠের ফুটবল ছাপিয়ে আলোচনার জন্ম দেয় খেলা বন্ধ হওয়ার ঘটনা। প্রায় ৫২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ১২ মিনিটে ট্রয় প্যারটের গোলে এগিয়ে যায় আয়ারল্যান্ড। এর মিনিট আটেক পরই প্রথম দফায় বন্ধ হয় খেলা। ৩৫ মিনিটে আবার থমকে যায় খেলা। গাজায় ইজরায়েলের সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরেও বিক্ষোভ হয়। ‘স্টপ দ্য গেম’ উদ্যোগের কর্মীরা স্টেডিয়ামের কাছে প্যালেস্টাইনের পতাকা ও বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। তারা আয়ারল্যান্ডের খেলোয়াড় গ্যাভিন বাজুনুকে সমর্থন জানান। বাজুনু শনিবার ইজরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের দুই ম্যাচেই না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

‘আয়ারল্যান্ড প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’ও স্টেডিয়ামের বাইরে বিক্ষোভের আয়োজন করে। একই দাবিতে দেশটির বিভিন্ন স্থানেও কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা আয়ারল্যান্ডের নেশন্স লিগে ইজরায়েলের বিপক্ষে বাকি ম্যাচটিও বয়কটের দাবি জানাচ্ছেন। গত রবিবার হাঙ্গেরিতে নেশন্স লিগের ম্যাচে ইজরায়েলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড। ম্যাচের আগের দিন আইরিশ ফুটবলারদের মধ্যে দুই দফায় ভোটাভুটি হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ ফুটবলার ম্যাচটি খেলার পক্ষে ভোট দেন। তবে আইরিশ গোলকিপার গ্যাভিন বাজুনু দল থেকে নাম প্রত্যাহার করে নেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে বাজুনু ছিলেন। কিন্তু আগামী রবিবার ইজরায়েলের বিপক্ষে ফিরতি ম্যাচটিতে আবার তিনি থাকবেন না। এই ম্যাচটি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডেই। কিন্তু ঘরের মাঠের ম্যাচটি সার্বিয়ায় সরিয়ে নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (এফএআই)। খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks