...
...
Next Story

Nirav Modi Latest Update: ব্রিটিশ আদালতে জোর ধাক্কা খেলেন নীরব মোদী, পালানোর সব পথ বন্ধ, ফিরতেই হবে ভারতে

২০১৮ সাল থেকে নীরব মোদীর প্রত্যর্পণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। এই আবহে নীরব মোদীর আবেদনের বিরুদ্ধে লড়তে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে সহায়তা করেছে সিবিআই। এর জন্য সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা লন্ডনে গিয়েছিলেন।

Published on: Mar 26, 2026, 07:51:17 IST
Advertisement

পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদীর প্রত্যর্পণ মামলা পুনরায় চালু করতে অস্বীকার করেছে লন্ডনের হাইকোর্ট। এই আবাহে নীরব মোদীর প্রত্যর্পণের পথ পরিষ্কার হয়ে গিয়েছে। আপাতত ব্রিটিশ হেফাজতে আছেন নীরব মোদী। ভারতে নিজের প্রত্যর্পণ ঠেকাতে ব্রিটেনে আর কোনও আইনি পথ তাঁর জন্য খোলা নেই। এর আগে ভারতের তরফ থেকে একাধিকবার ব্রিটিশ আদালতকে আশ্বস্ত করা হয়েছে, ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে নীরব মোদীর বিরুদ্ধে তদন্ত করা পাঁচটি সংস্থার কোনও আধিকারিক তাঁকে জেরা করবে না। এর আগে গতবছর সঞ্জয় ভাণ্ডারি নামক এক প্রতিরক্ষা পরামর্শদাতার প্রত্যর্পণ ঠেকিয়ে দিয়েছিল ব্রিটিশ আদালত। সঞ্জয়কে ভারতে নিয়ে গেলে তাঁর ওপর অত্যাচার চলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। সেই যুক্তি দেখিয়েই নীরব দাবি করেছেন, ভারতে নিয়ে যাওয়া হলে তাঁর ওপরেও অত্যাচার করা হবে। এই মর্মে তিনি তাঁর প্রত্যর্পণের মামলা পুনরায় চালু করার আবেদন জানিয়েছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দেওয়া হল লন্ডনের উচ্চ আদালতে।

২০১৮ সাল থেকে নীরব মোদীর প্রত্যর্পণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই।
২০১৮ সাল থেকে নীরব মোদীর প্রত্যর্পণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই।

ব্রিটিশ আদালত বলেছে, ভারত সরকার যদি তাদের প্রতিশ্রুতি না দিয়ে থাকত, তাহলে নীরবের আবেদনটি পুনরায় শোনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হত। লর্ড জাস্টিস জেরেমি স্টুয়ার্ট-স্মিথ এবং বিচারপতি রবার্ট জেয়ের বেঞ্চ বলেছে, ভারত সরকার, মহারাষ্ট্র রাজ্য এবং পাঁচটি সংস্থাকে নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক যে আশ্বাসগুলি দিয়েছে, তা 'সুনির্দিষ্ট এবং অস্পষ্ট নয়'। আদালত আরও পর্যবেক্ষণ করেছে, ভারত নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়, তবে তারা সন্তুষ্ট যে ভারতীয় আইনে নির্যাতনের অনুমতি নেই। ব্রিটিশ কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে যে নীরব মোদীকে মুম্বইয়ের আর্থার রোড কারাগারে রাখা হবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে নীরব মোদীর প্রত্যর্পণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। এই আবহে নীরব মোদীর আবেদনের বিরুদ্ধে লড়তে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে সহায়তা করেছে সিবিআই। এর জন্য সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা লন্ডনে গিয়েছিলেন। এর পাশাপাশি বুধবার, লন্ডনের একটি আদালতে নীরব মোদী উপস্থিত হন অপর এক মামলার শুনানিতে। সেই মামলাটি করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণের অর্থ শোধ করার জন্য় বন্ধক রাখা সম্পত্তি বিক্রির একটি আবেদন করেছিল ব্যাঙ্কটি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe