...
...
Next Story

UPSC Success Story: প্রতিযোগিতামূলক পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত, প্ল্যান বি প্রয়োজন: UPSC সফল প্রার্থীর পরামর্শ

UPSC Success Story: ভিকান জগন রোজেকরের শিক্ষাজীবন শুরু মারাঠি মাধ্যমের স্কুলে। দশম শ্রেণি পর্যন্ত মারাঠি মাধ্যমে পড়াশোনা করেন তিনি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ার পর কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নেন।

Published on: Oct 21, 2026, 21:32:03 IST
Advertisement

UPSC Success Story: দুই চোখে স্বপ্ন ছিল দেশের প্রশাসনিক ব্যবস্থার অংশ হওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ মোটেই মসৃণ ছিল না। আর্থিক অনটন, কৃষক পরিবারের প্রতিকূল পরিস্থিতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার ব্যর্থতা—সব বাধা পেরিয়ে সাফল্যের নজির গড়লেন মহারাষ্ট্রের ভিকান জগন রোজেকর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষা (CSE) ২০২৫-এ চতুর্থবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি তিনি। পঞ্চম প্রচেষ্টায় অর্জন করেন সর্বভারতীয় ৮১২তম স্থান (AIR 812)। তাঁর এই সাফল্য প্রমাণ করে, ব্যর্থতা কখনও কখনও সাফল্যের পথে এগিয়ে যাওয়ারই একটি ধাপ।

মারাঠি মাধ্যমের পড়াশোনা, ইউপিএসসি-র প্রস্তুতি

ভিকান জগন রোজেকর (সৌজন্যে এক্স )
ভিকান জগন রোজেকর (সৌজন্যে এক্স )

ভিকান জগন রোজেকরের শিক্ষাজীবন শুরু মারাঠি মাধ্যমের স্কুলে। দশম শ্রেণি পর্যন্ত মারাঠি মাধ্যমে পড়াশোনা করেন তিনি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ার পর কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাকে নিজের লক্ষ্য হিসেবে বেছে নেন। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোজেকর বলেন, ২০২১ সালে পূর্ণ সময়ের জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। পরের বছর প্রস্তুতির সুবিধার জন্য দিল্লিতে চলে যান। ২০২৩ সালে মহারাষ্ট্র সরকারের বৃত্তি পাওয়ায় তাঁর কোচিংয়ে ভর্তি হওয়ার সুযোগও তৈরি হয়। তবে প্রস্তুতির পথ মসৃণ ছিল না। একাধিকবার পরীক্ষায় প্রত্যাশিত সাফল্য না পেলেও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি তিনি। প্রতিটি ব্যর্থতার পর প্রস্তুতির পদ্ধতি পর্যালোচনা করে নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

পঞ্চম প্রচেষ্টায় সাফল্য

ইউপিএসসি-তে সাফল্য পেতে প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রস্তুতি, ধৈর্য এবং ধারাবাহিক অনুশীলন। রোজেকরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চারটি ব্যর্থ প্রচেষ্টার পর পঞ্চমবারের চেষ্টায় তিনি সিভিল সার্ভিসেস পরীক্ষায় সফল হন। ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৫-এ তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক (এআইআর) ৮১২। শুধু সিভিল সার্ভিসেস পরীক্ষাই নয়, ২০২৫ সালে উপিএসসি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস-এর মেইনস পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি। পাশাপাশি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPF)-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পরীক্ষার ইন্টারভিউ পর্যায়েও পৌঁছেছিলেন। এই সাফল্য তাঁর প্রস্তুতির ধারাবাহিকতা এবং একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে যাচাই করার মানসিকতার পরিচয় দেয়।

ভিকান জগন রোজেকরের প্রস্তুতির কৌশল

১. বিগত বছরের প্রশ্নপত্র সমাধান: অন্তত ১০ বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করার পরামর্শ দিয়েছেন তিনি। এতে পরীক্ষার ধরন, গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নের প্রবণতা সম্পর্কে ধারণা তৈরি হয়।

২. সিলেবাস সম্পূর্ণ করা: পরীক্ষার আগে সিলেবাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন। শুধু বাছাই করা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

৩. মক টেস্ট ও নিয়মিত অনুশীলন: পরীক্ষার আগে মক টেস্ট এবং বিগত বছরের প্রশ্নের অনুশীলন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।

৪. মেইনসের উত্তর লেখার অভ্যাস: মেইনস পরীক্ষায় তথ্য, প্রাসঙ্গিক উদাহরণ এবং যুক্তি দিয়ে সাজানো উত্তর গুরুত্বপূর্ণ। তাই উত্তর লেখার কাঠামো ও ভাষার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

৫. বিকল্প পরিকল্পনা রাখা: প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল সব সময় পূর্বানুমান করা যায় না। তাই স্নাতক স্তরে ভালো ভিত্তি তৈরি করা এবং বিকল্প পেশার পরিকল্পনা রাখাও জরুরি বলে মনে করেন রোজেকর।

পরিবারের সমর্থনই ছিল বড় আস্থা

রোজেকরের পরিবারও তাঁর সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিবারের সদস্যরা বিশেষ করে ভাইয়েরা চেয়েছিলেন, তিনি এমন একটি পেশাগত ডিগ্রি অর্জন করুন, যা প্রয়োজনে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। সেই ভাবনা থেকেই কৃষিবিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। তাঁর বাবা ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে ছেলেও যেন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেন, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

কৃষক পরিবার থেকে দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সাফল্য

মহারাষ্ট্রের জলগাঁও সাপকালের বাসিন্দা ভিকান রোজেকর। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। তাঁর বাবা-মা একসময় অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। পরে নিজেদের গ্রামে ফিরে প্রায় দুই একর জমিতে চাষাবাদ শুরু করেন। সংসারের আর্থিক চাহিদা মেটাতে তাঁর মাকেও দিনমজুরের কাজ করতে হয়েছে। এমন পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছিল বড় চ্যালেঞ্জ। তবে আর্থিক সীমাবদ্ধতা তাঁর স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। পরিবারের সমর্থন এবং নিজের অধ্যবসায়কে ভরসা করেই এগিয়ে গিয়েছেন রোজেকর।

পরিবারে গর্ব দুই ভাই

ভিকান রোজেকরের ছোট ভাই বিকাশ রোজেকর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। দুই ভাইয়ের আলাদা পেশাগত পথ পরিবারে গর্বের কারণ হয়ে উঠেছে। চারবারের ব্যর্থতা পেরিয়ে পঞ্চম প্রচেষ্টায় ইউপিএসসি-তে সাফল্য—ভিকান রোজেকরের এই যাত্রা তাই শুধু একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয়। এটি প্রতিকূলতার মধ্যেও স্বপ্নকে বাঁচিয়ে রাখার, পরিশ্রম চালিয়ে যাওয়ার এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks