গত ৯ই এপ্রিল নেভাডার নেলিস বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এফ-১৫ইএক্স ঈগল ২ যুদ্ধবিমান ওড়ান ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। এই যুদ্ধবিমানচি বোয়িং সংস্থা তৈরি করে থাকে। মার্কিন বিমান বাহিনীর মেজর ম্যাথু বেনসনের পাশে যুদ্ধবিমানটি ওড়ান অমরপ্রীত সিং। বেনসন ৮৫তম টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন স্কোয়াড্রনের পাইলট। এই সফরকালে ভারতীয় বায়ুসেনা প্রধানের সঙ্গে ছিলেন এয়ার কমোডর যশপাল সিং নেগি।

এফ-১৫ইএক্স ঈগল ২ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ট যুদ্ধবিমানের সর্বাধুনিক সংস্করণ। ইন্দো-প্যাসিফিকের সম্মিলিত নিরাপত্তার ক্ষেত্রে 'অপরিহার্য অস্ত্রগুলির মধ্যে অন্যতম' এই যুদ্ধবিমান। এদিকে এই উড়ানোর মাধ্যমে এফ-১৫ যুদ্ধবিমানের ক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছেন ভারতীয় বায়ুসেনার প্রধান। এই সফরকালে মার্কিন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন অমরপ্রীত সিং। মার্কিন বিমান বাহিনী যুদ্ধ কেন্দ্রের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডেভিড সি এপারসনের সঙ্গেও বৈঠক করেন ভারতীয় বায়ুসেনা।
দুই বিমান বাহিনীর মধ্যে যৌথ মহড়া এবং আধুনিকীকরণ নিয়ে আলোচনা হয় ভারতীয় বায়ুসেনা প্রধান এবং মার্কিন আধিকারিকদের। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য আদান প্রদানের ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয় এই আলোচনায়। ট্রাম্প আসার পর থেকে কোয়াড জোটের অস্তিত্ব কার্যত আর নেই। তবে ভারতের সঙ্গে সামরিক ক্ষেত্রে বোঝাপড়া বজায় রাখতে চাইছে আমেরিকা। এই আবহে এর আগে ফেব্রুয়ারিতে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডার স্যামুয়েল জে. পাপারো ভারত সফরে এসেছিলেন। এদিকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে মার্কিন প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন। ২০২৫ সালের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতিরক্ষা অংশীদারিত্বের কাঠামোকে জোরদার করতেই এই সব সফর।