...
...
Next Story

IBM US Work Visa End: ভারতীয় কর্মীদের জন্য চরম দুঃসংবাদ! এইচ-১বি ভিসাধারীদের US ছাড়ার নির্দেশ আইবিএম-র

IBM US Work Visa End: আইবিএম জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতায় পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: Nov 26, 2026, 22:24:04 IST
Advertisement

IBM US Work Visa End: ভারতীয় কর্মীদের জন্য চরম দুঃসংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কর্মীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বিশ্বের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম (IBM)। সংস্থার পরামর্শক বিভাগে অধিকাংশ পদে নতুন করে মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিপাকে পড়বেন মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত অন্য দেশের নাগরিকরা। তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য দেশে স্থানান্তরিত হয়ে যেতে বলা হয়েছে। যদি কেউ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে না চান, তাহলে তাদের আইবিএমের চাকরি ছেড়ে দিতে হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরকে শেষ কর্মদিবস হিসেবে নির্ধারণ করেছে এই সংস্থা।

এইচ-১বি ভিসাধারীদের মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএম-র
এইচ-১বি ভিসাধারীদের মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএম-র

আইবিএমের পরামর্শক বিভাগে বিশ্বজুড়ে প্রায় দেড় লক্ষেরও বেশি কর্মী কাজ করেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ক ভিসায় রয়েছেন বা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন। এর মধ্যে হাজার হাজার ভারতীয়ও রয়েছেন। আইবিএমের এই সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কতজন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়বেন, তা এখনও প্রকাশ করেনি সংস্থা। বিশেষ করে এইচ-১বি ভিসা (H-1B visa)-এ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এবং যারা গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষা করছেন, সেই বিদেশি কর্মীরা বেশি অনিশ্চয়তায় পড়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বিদেশি কর্মী তাদের কোম্পানির মাধ্যমে ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ডের আবেদন করে থাকেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের সিদ্ধান্ত জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে গিয়ে কাজ করতে রাজি হবেন না, তাদের তিন মাসের ক্ষতিপূরণ দিয়ে বিদায় করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর হবে তাদের শেষ কর্মদিবস।

কেন ভিসা স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম?

আইবিএমের সঙ্গে চাকরি চালিয়ে যেতে আগ্রহী কর্মীদের জন্য অন্য দেশে স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ভারত বড় গন্তব্য হয়ে উঠতে পারে। রেস্ট অব ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ নভেম্বর আইবিএমের কর্মী নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পরামর্শক বিভাগের ১ হাজার ২৭৮টি শূন্য পদের তথ্য ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই ভারতে। এ ছাড়া সিঙ্গাপুরে ২৩টি, ব্রিটেনে ১৮টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৯টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে।

এসব পদে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত কিছু কর্মীর অন্য দেশে গিয়ে চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে কতজন কর্মীকে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে, কিংবা নতুন পদগুলোতে আগের সমান বেতন ও সুযোগ-সুবিধা থাকবে কিনা, তা নিশ্চিত করেনি আইবিএম। অন্য দেশে স্থানান্তরিত হলে কর্মীদের বেতন, জীবনযাপন এবং পরিবারের সদস্যদের নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হতে পারে। দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা কর্মীদের জন্য বিষয়টি বড় পরিবর্তন হয়ে আসতে পারে।

কঠোর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি

আইবিএমের এ সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন কর্মভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর নজরদারি বাড়িয়েছে। এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারে। ভারতীয় প্রযুক্তি কর্মীরা দীর্ঘদিন ধরে এই কর্মসূচির অন্যতম বড় সুবিধাভোগী। তবে ট্রাম্প প্রশাসন কর্মসূচিটি আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি ভিসার আবেদনে ১ লক্ষ ডলার ফি আরোপের প্রস্তাব এবং ভিসা নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন উল্লেখযোগ্য। নতুন ব্যবস্থায় তুলনামূলক বেশি বেতন পাওয়া চাকরির আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এ ছাড়া কর্মভিত্তিক অভিবাসন কর্মসূচির অপব্যবহারের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপও জোরদার করেছে মার্কিন প্রশাসন। গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের মতো প্রযুক্তি সংস্থা স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার গুরুত্বপূর্ণ পথ কর্মসংস্থানভিত্তিক শ্রম সনদ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়ে।

ভারতীয় কর্মীদের ওপর কী প্রভাব পড়বে?

আইবিএমের সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় কর্মীদের অনেকেই নিয়োগকর্তার ওপর ভিসার জন্য নির্ভরশীলতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হতে পারেন। নিয়োগ ও কর্মী ব্যবস্থাপনাবিষয়ক সংস্থা ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা অনিল আগরওয়াল এনডিটিভিকে বলেন, প্রযুক্তি খাতে বৃহত্তর পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে আইবিএমের এই সিদ্ধান্ত। গ্রাহকদের চাহিদা, শ্রমবাজার এবং সংস্থার ব্যবসায়িক লক্ষ্য অনুযায়ী নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আনছে বিভিন্ন প্রতিষ্ঠান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের কারণে নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক ফলাফল তৈরির যোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks