২০২৬ মহিলা ক্রিকেট এশিয়া কাপ টি২০ ঘিরে ক্রমেই চড়ছে দর্শকদের উত্তেজনার পারদ। ইতিমধ্যেই এই সিরিজে ভারত-পাক মহারণ হয়ে গিয়েছে শনিবার। সেই ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে পর্যুদস্ত হয়েছে ফতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান। তবে লজ্জার হারের পর এবার আইসিসির শাস্তির মুখে পড়লেন ফাতিমা। তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে, মাঠে খেলা চলাকালে অসম্মানজনক অঙ্গভঙ্গির জন্য।

শনিবার ভারত-পাকিস্তান মহারণে, ফতিমার টিম টসে জিতে প্রথম ব্যাট করতে নামে। এরপর তারা ২০ ওভারের ম্যাচে বোর্ডে ৫৫ রান তোলে। স্বভাবতই পাকিস্তানের মহিলা ক্রিকেটে ব্যাটিং এর এই ধস বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেয়। এরপর ভারত ব্যাট করতে নামতেই প্রথম বল-এই ওপেনার শেফালি হাঁকান ছয়। শেফালির মারকুটে মেজাজের ব্যাটিং সম্পর্কে সকলেই অবগত! এদিকে, পরে পাকিস্তানের ক্যাপ্টেন ফতিমা বল হাতে নিতেই প্রথম উইকেট পান শেফালিকে আউট করে। কম স্কোরের এই ম্যাচ হলেও, ভারতের কাছে অল্প রানে শেফালিকে হারানোটা ধাক্কা ছিল! শেফালির উইকেট নিতেই তাঁকে প্যাভিলিয়নের দিকে হাত দেখিয়ে একটি অঙ্গভঙ্গি করেন ফতিমা সানা। ফতিমার এই অঙ্গভঙ্গির বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি।
খেলোয়াড়দের জন্য আইসিসির কোড অফ কনডাক্ট-এ লেভেল ১ আর্টিক্যাল ২.৫এর নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে ফাতিমার বিরুদ্ধে। গত ২৪ ম্যাচে ফাতিমার সঙ্গে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে, ২০২৫ সালে অগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ফাতিমার অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠে। ফাতিমার ম্যাচ ফি ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। প্রসঙ্গত, আইসিসি-র শাস্তি মেনে নিয়েছেন ফতিমা। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।