মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তার আরও এক বড় প্রমাণ মিলল ইংল্যান্ডে চলতে থাকা আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ। ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ শুধু মাঠের লড়াইয়েই নয়, দর্শক উপস্থিতির নিরিখেও ইতিহাস গড়ল। বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে হাজির ছিলেন ১৮,৮১৪ জন দর্শক, যা মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনও ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড।
ভারত-পাকিস্তান দ্বৈরথ বরাবরই ক্রিকেট বিশ্বের অন্যতম বড় আকর্ষণ। পুরুষদের ক্রিকেটের মতো মহিলাদের ক্রিকেটেও এই প্রতিদ্বন্দ্বিতা এখন সমানভাবে দর্শকদের টানছে। এজবাস্টনের গ্যালারি কার্যত কানায় কানায় পূর্ণ ছিল। ম্যাচের আগেই আয়োজকরা জানিয়েছিলেন, দিনের ডাবল-হেডার ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে শুরু থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছিল স্টেডিয়ামে। এর আগে মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডও ছিল ভারত-পাকিস্তান ম্যাচের দখলে। ২০২৪ সালের বিশ্বকাপে দুবাইয়ে দুই দলের ম্যাচ দেখতে এসেছিলেন ১৫,৯৩৫ জন দর্শক। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করল এজবাস্টনের ম্যাচ।
মাঠের খেলাতেও দর্শকদের হতাশ করেনি ভারতীয় দল। স্মৃতি মন্ধানার ঝকঝকে ৬৮ রান, অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৩৬ এবং ঋচা ঘোষের ঝোড়ো ইনিংসের সুবাদে ভারত ১৭০ রানের শক্তিশালী স্কোর তোলে। জবাবে পাকিস্তান ভালো শুরু করলেও দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিংয়ের সামনে ভেঙে পড়ে। মাত্র ১০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতের ৬৪ রানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা নেন তিনি।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ড উপস্থিতি শুধু ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণই নয়, বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন। আয়োজক সংস্থা আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের শুরুতেই এমন নজির ভবিষ্যতে মহিলা ক্রিকেটকে আরও বড় মঞ্চে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন ক্রিকেট মহল।
{{/usCountry}}ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই রেকর্ড উপস্থিতি শুধু ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণই নয়, বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রতিফলন। আয়োজক সংস্থা আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের শুরুতেই এমন নজির ভবিষ্যতে মহিলা ক্রিকেটকে আরও বড় মঞ্চে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন ক্রিকেট মহল।
{{/usCountry}}