...
...
Next Story

ICE Agents: সিয়াটল বিমানবন্দরে 'তাণ্ডব!' ফ্লাইটে ওঠার মুখে দুই যাত্রীকে টেনেহিঁচড়ে নামাল মার্কিন অভিবাসন কর্তারা

ICE Agents Drag Away Fliers: আইসিই এক বিবৃতিতে জানায়, মেক্সিকো থেকে আসা অভিবাসী রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে গ্রেফতারের জন্য এ অভিযান চালানো হয়। সংস্থাটির দাবি, তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

Published on: Nov 22, 2026, 14:13:43 IST
Advertisement

ICE Agents Drag Away Fliers: মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানে ওঠার আগমুহূর্তে দুই যাত্রীকে বলপ্রয়োগ করে আটক করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)। শনিবার সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটের জেট ব্রিজে এই ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে মুখ ঢেকে অভিবাসন কর্মকর্তাদের যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা গিয়েছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত অন্য যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণে ফ্লাইট ছাড়তেও দেরি হয়।

সিয়াটল বিমানবন্দরে 'তাণ্ডব!' (সৌজন্যে এক্স )
সিয়াটল বিমানবন্দরে 'তাণ্ডব!' (সৌজন্যে এক্স )

অভিবাসন দফতর সূত্রে জানা গিয়েছে, মেক্সিকোর নাগরিক রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে (Ricardo Larondo Mendoza) আটক করতে এই অভিযান চালানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের অভিযোগ রয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিই কর্মকর্তাদের গায়ে কোনও পরিচয়চিহ্নবিহীন জ্যাকেট এবং খাকি রঙের প্যান্ট ছিল। চারপাশে যাত্রীদের লাগেজ ও ট্রলি থাকার মধ্যেই একজনকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা গেছে, আইসিই কর্মকর্তারা একজনকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় পাশে থাকা এক মহিলা চিৎকার করে বলতে থাকেন, কর্মকর্তারা তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তার কাছে কাজের অনুমতিপত্র রয়েছে। পরে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে আইসিইর কর্মকাণ্ড নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

আইসিই এক বিবৃতিতে জানায়, মেক্সিকো থেকে আসা অভিবাসী রিকার্ডো লারোন্দো মেন্দোজাকে গ্রেফতারের জন্য এ অভিযান চালানো হয়। সংস্থাটির দাবি, তিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান চলাকালে সোফিয়া হার্নান্দেজ মেজিয়া (Sofia Hernandez Mejia) নামে আরেক মহিলা যাত্রী কর্মকর্তাদের গায়ে গরম কফি ছুড়ে মারেন। তিনিও মেক্সিকো থেকে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন বলে দাবি করেছে আইসিই। একজন ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে।

পোর্ট অব সিয়াটল এক বিবৃতিতে বলেছে, এ ঘটনা শুধু সংশ্লিষ্ট পরিবারের জন্য নয়, বিমানবন্দরে থাকা অন্য যাত্রীদের জন্যও অত্যন্ত ভীতিকর ও বেদনাদায়ক ছিল। ঠিক কী ঘটেছিল, তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। এদিকে, ওয়াশিংটন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর বব ফার্গুসন আইসিইর এ ধরনের অভিযানকে ‘চরম অ-আমেরিকানসুলভ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক সংবাদিক সম্মেলনে ফার্গুসন বলেন, ভিডিওটি ভয়াবহ ও শিউরে ওঠার মতো। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা কার্যকর, নৈতিক ও মানবিক। তাঁর মতে, আইসিই সেই মানদণ্ড পূরণ করছে না এবং সংস্থাটিকে আর সংস্কার করা সম্ভব নয়। ফার্গুসন আরও বলেন, আইসিই কর্মকর্তারা কীভাবে বিমানবন্দরের যাত্রী ওঠার সংযোগপথে প্রবেশের অনুমতি পেলেন, তা তিনি খতিয়ে দেখছেন। এজেন্টরা গত মার্চে তাঁর স্বাক্ষরিত অঙ্গরাজ্যের একটি আইনও লঙ্ঘন করে থাকতে পারেন বলে তিনি মনে করেন। ওই আইনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মুখ ঢাকার ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন শ্রমিক নেতারাও। ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের (এএফএল-সিআইও) প্রেসিডেন্ট এপ্রিল সিমস জানান, ওই ফ্লাইটে তাদের সংগঠনের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে সারা দেশে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার কয়েক দিন পর এবং বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণের সময়ে এ অভিযান চালানো হয়েছে। এতে যাত্রী ও বিমানবন্দর কর্মীদের ভোগান্তি আরও বেড়েছে। তাঁর কথায়, বিমানবন্দরের কর্মীরা আগে থেকেই মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার বদলে ফেডারেল এজেন্টরা আরও বেশি ভয় ও বিশৃঙ্খলা তৈরি করলেন।’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আইসিইর গ্রেফতারের সংখ্যা বেড়েছে। বিশেষ করে যারা অতীতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন, তাদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সংস্থাটি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks