...
...
Next Story

International Chemistry Olympiad 2026: ঘরে এল চার স্বর্ণপদক! আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে দাপট ভারতের

International Chemistry Olympiad 2026: ২০২৬ সালের ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত উজবেকিস্তানের তাশখন্দে আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াড (আইসিএইচও) অনুষ্ঠিত হয়, যেখানে ৯৩টি দেশ ও অঞ্চলের ৩৬৮ জন মেধাবী পড়ুয়া অংশগ্রহণ করেন।

Published on: Jul 19, 2026, 20:35:39 IST
Advertisement

International Chemistry Olympiad 2026: বিশ্বমঞ্চে আরও একবার উজ্জ্বল হলো ভারতের নাম। আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল দেশের মেধা। সম্প্রতি উজবেকিস্তানের তাশখন্দে আয়োজিত ২০২৬ সালের আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে (আইসিএইচও) অভূতপূর্ব সাফল্য অর্জন করল ভারত। প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতের চারজন প্রতিযোগীই দেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে এনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত স্বর্ণপদকের সংখ্যার দিক থেকে ভিয়েতনাম, চিন ও রাশিয়ার সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে।

আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে দাপট ভারতের (সৌজন্যে টুইটার)
আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে দাপট ভারতের (সৌজন্যে টুইটার)

২০২৬ সালের ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত উজবেকিস্তানের তাশখন্দে আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াড (আইসিএইচও) অনুষ্ঠিত হয়, যেখানে ৯৩টি দেশ ও অঞ্চলের ৩৬৮ জন মেধাবী পড়ুয়া অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা তত্ত্বীয় এবং ব্যবহারিক-এই দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে, যার প্রতিটি ৫ ঘণ্টা স্থায়ী ছিল। এর মাধ্যমে তারা তাদের ব্যাপক জ্ঞান, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, বিশ্লেষণাত্মক ও সমস্যা সমাধানের দক্ষতা এবং নির্ভুল রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষমতা প্রদর্শন করেন। এটা আন্তর্জাতিকস্তরের একটা প্রতিযোগিতা। প্রতি বছর এটা আয়োজিত হয়। বিশ্বের সেকেন্ডারি স্তরের স্কুল পড়ুয়াদের ডাকা হয় অংশগ্রহণের জন্য। কেমিস্ট্রির প্রতি যাদের আগ্রহ আছে তাদেরই ডাকা হয়। এরপর বিভিন্নস্তরে পরীক্ষা হয় পড়ুয়াদের।

আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের অংশগ্রহণের সমন্বয়কারী সংস্থা ‘হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন’ (এইচবিসিএসই)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়ে ২৭ তম বার কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করল ভারত এবং এটিই এখন পর্যন্ত দেশের সেরা পারফরম্যান্স। অলিম্পিয়াডের মঞ্চে ভারতের হয়ে সোনা জিতেছেন- ওড়িশার ভুবনেশ্বরের দেবদত্ত প্রিয়দর্শী, পাঞ্জাবের মান্ডি গোবিন্দগড়ের হর্ষিত সিঙ্ঘল, দিল্লির কবির চিল্লার এবং তেলাঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা সন্দীপ কুচি। কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণের পর থেকে ভারত ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় দলের নেতৃত্ব দেন প্রধান মেন্টর আইআইএসইআর কলকাতার অধ্যাপক শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মেন্টর হিসেবে ছিলেন এইচবিসিএসই-র ড. ইন্দ্রাণী দাস সেন। এছাড়া বৈজ্ঞানিক পর্যবেক্ষক হিসেবে ভারতীয় দলের পাশে ছিলেন আইআইটি খড়্গপুরের ড. অণুবেন্দু অধিকারী এবং মুম্বইয়ের এনইএস রত্নম কলেজের ড. জয়শ্রী গোপালকৃষ্ণন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks