India-Palestinian refugees: প্যালেস্টাইনি শরণার্থীদের সাহায্যের জন্য ফের অর্থ পাঠাল ভারত। রাষ্ট্রসংঘের মাধ্যমে ওই অর্থ পৌঁছে যাবে পশ্চিম এশিয়ায়। মোট ২.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য পাঠিয়েছে নয়াদিল্লি।

প্যালেস্টাইনের শরণার্থীদের জন্য বছরে মোট ৫০ লক্ষ ডলার পাঠানোর কথা ভারতের। রাষ্ট্রসংঘের সঙ্গে সেই মতোই চুক্তি রয়েছে। রাষ্ট্রসংঘের ‘রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’র (ইউএনআরডব্লিউএ) মাধ্যমে ভারতের অর্থ পশ্চিম এশিয়ায় পৌঁছবে। ইউএনআরডব্লিউএ ১৯৫০ সাল থেকে ক্রিয়াশীল একটি সংগঠন। তারা প্যালেস্টাইনে সরাসরি ত্রাণ পাঠায়। শরণার্থীদের জন্য স্বেচ্ছাসেবামূলক একাধিক কর্মসূচির সঙ্গেও যুক্ত এই সংগঠন। রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি এই সংগঠনের মাধ্যমে স্বেচ্ছায় সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য পাঠায়। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকার প্যালেস্টাইনে শরণার্থীদের সাহায্যে ওই অর্থ ব্যবহৃত হয়।
প্যালেস্টাইন রাষ্ট্রে নিযুক্ত ভারতের প্রতিনিধি দফতর (Representative Office of India to the State of Palestine) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ এক পোস্টে জানিয়েছে, এই অর্থ প্যালেস্টাইনীয় শরণার্থীদের দেওয়া শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ত্রাণ কার্যক্রম-সহ ইউএনআরডব্লিউএ-র মূল কর্মসূচি ও পরিষেবাগুলিতে সহায়তা করবে। প্যালেস্টাইনে নিযুক্ত ভারতের প্রতিনিধি মহিমা সিকান্দ ইউএনআরডব্লিউএ-র সিনিয়র ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট খালেদ হিন্দেইয়ের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন। এই অঞ্চলে প্যালেস্টাইনীয় শরণার্থীদের কল্যাণে ইউএনআরডব্লিউএ যাতে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, সেজন্য সংস্থার পরিষেবা এবং মানবিক সহায়তা ও ওষুধ সরবরাহের ক্ষেত্রে ভারত সরকারের অব্যাহত সমর্থনের কথা এদিন বিশেষভাবে তুলে ধরেন মহিমা সিকান্দ। অন্যদিকে, সংস্থাটিকে ভারত সরকারের দীর্ঘদিনের ও নিরবচ্ছিন্ন রাজনৈতিক এবং আর্থিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খালেদ হিন্দেইয়ে।