...
...
Next Story

Hormuz crisis news: 'কোনও ভাবেই মেনে নেওয়া যায় না!' হরমুজে ভারতীয় জাহাজে হামলা নিয়ে রাষ্ট্রসংঘে সরব নয়াদিল্লি

Hormuz crisis news: সম্প্রতি রাষ্ট্রসংঘে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইউনেস্কোএসওসি) একটি বিশেষ বৈঠকে হরমুজে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ।

Published on: May 17, 2026, 23:03:00 IST
Advertisement

Hormuz crisis news: গত একমাসে হরমুজ প্রণালী ও পশ্চিম এশিয়ার সমুদ্রপথে এপণ্যবাহী অসামরিক জাহাজের উপরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। বিষয়টি নিয়ে এবার রাষ্ট্রসংঘের মঞ্চে সরব হল নয়া দিল্লি। গত ১৩ মে হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে কোন দেশের নাম না করেই রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন নয়া দিল্লির প্রতিনিধি। সদস্য দেশগুলিকে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তাও স্মরণ করিয়ে দিয়েছে ভারত।

ভারতীয় জাহাজে হামলা নিয়ে রাষ্ট্রসংঘে সরব নয়াদিল্লি (সৌজন্যে টুইটার)
ভারতীয় জাহাজে হামলা নিয়ে রাষ্ট্রসংঘে সরব নয়াদিল্লি (সৌজন্যে টুইটার)

সম্প্রতি রাষ্ট্রসংঘে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইউনেস্কোএসওসি) একটি বিশেষ বৈঠকে হরমুজে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে বক্তব্য রাখেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। ভারতের চিরাচরিত কূটনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে পরে সোশ্যাল মিডিয়ায়ও নিজের বক্তব্য পোস্ট করেন তিনি। হরিশ ওই বৈঠকে বলেছেন, ‘হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণ, অসামরিক জাহাজকর্মীদের উপর হামলা এবং নৌপরিবহণের স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টি করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। নিরাপদ যাতায়াত সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে সকলের সম্মান জানানো উচিত।’ পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে সম্প্রতি জ্বালানি ও সারের যে সঙ্কট তৈরি হয়েছে, তা মোকাবিলায় ভারতের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রসংঘের তুলে ধরেছেন পর্বতনেনি হরিশ। তাঁর মতে, ‘সঙ্কটের মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্বল্পমেয়াদি কাঠামোগত পদক্ষেপ করতে হবে। তবেই মিলতে পারে সমাধানসূত্র।’

গত ১৩ মে হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা জাহাজটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির শারজার দিকে যাচ্ছিল। জাহাজটিতে ১৪ জন ভারতীয় কর্মী ছিলেন। বুধবার ওমান উপকূলে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছোতেই জাহাজটির ওপর অতর্কিত হামলা চালানো হয়, যার জেরে সেটি ডুবে যায়। তবে ওমানের উপকূলরক্ষী বাহিনী দ্রুত তৎপরতা দেখিয়ে ১৪ জন ভারতীয় নাবিককেই উদ্ধার করে সে দেশের ডিব্বা বন্দরে নিয়ে যায়। বর্তমানে তাঁরা সকলেই নিরাপদ রয়েছেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে এই নিয়ে একাধিকবার ভারতীয় জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe